পাকিস্তান সুপার লিগের (PSL) মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের বিতর্কে উত্তাল পাকিস্তান ক্রিকেট। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) শোকজের মুখে পড়েছেন তারকা পেসার নাসিম শাহ। পিসিবি’র দাবি, নাসিম তাঁর কেন্দ্রীয় চুক্তির শর্ত ও মিডিয়া পলিসি লঙ্ঘন করেছেন।
বিতর্কের সূত্রপাত: ‘লর্ডসের রানী’ মন্তব্য
গত শুক্রবার পিএসএল-এর উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজ। জ্বালানি সংকটের কারণে সাধারণ দর্শকদের প্রবেশাধিকার না থাকলেও মারিয়াম বিশাল প্রটোকল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন। পিসিবি’র মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা মারিয়ামের একটি ভিডিও রি-টুইট করে নাসিমের অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “কেন তাঁকে লর্ডসের রানীর মতো সম্মান দেওয়া হচ্ছে?”
যদিও মুহূর্তের মধ্যেই টুইটটি মুছে ফেলা হয় এবং নাসিম দাবি করেন তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। পিসিবি নাসিমকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেছে।
কেন্দ্রীয় চুক্তির কোন শর্ত ভাঙলেন নাসিম?
পিসিবি’র আচরণবিধির ২.২৩ ধারা অনুযায়ী, বোর্ড বা এর কোনো কর্মকর্তা ও নীতি নিয়ে জনসমক্ষে কোনো নেতিবাচক মন্তব্য করা নিষিদ্ধ। নাসিমের এই মন্তব্যকে বোর্ডের নীতির পরিপন্থী এবং রাজনৈতিক উস্কানি হিসেবে দেখছে পিসিবি। এর আগে ইমরান খানকে সমর্থন জানিয়ে টুপিতে ‘৮০৪’ (ইমরানের কয়েদি নম্বর) লিখে ১ মিলিয়ন রুপি জরিমানা গুনেছিলেন অলরাউন্ডার আমের জামাল। নাসিমের ক্ষেত্রেও বড় অংকের জরিমানা বা ম্যাচ নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পিএসএল-এ নাসিমের ভবিষ্যৎ
রাওয়ালপিন্ডি পিন্ডি’জ-এর হয়ে আজ শনিবার পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে নাসিম শাহর। মাঠের লড়াই শুরুর ঠিক আগে এমন আইনি নোটিশ তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে চিন্তিত ভক্তরা। পিসিবি জানিয়েছে, নাসিমের জবাব পাওয়ার পরেই চূড়ান্ত শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

