পাকিস্তান সুপার লিগের (PSL) ১১তম আসরে আজ গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই বাংলাদেশি ক্রিকেটারের দল। পেশোয়ার জালমির হয়ে মাঠে নেমেছিলেন পেসার শরীফুল ইসলাম এবং রাওয়ালপিন্ডি’জের ডেরায় ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলারদের জন্য বিভীষিকাময় এক ম্যাচে শেষ হাসি হেসেছে শরীফুলের পেশোয়ার জালমি। ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটের বড় জয় পায় বাবর আজমের দল।
রাওয়ালপিন্ডি’জের বিশাল সংগ্রহ
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ইয়াসির খান ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাওয়ালপিন্ডি’জ। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ১২৫ রান। অধিনায়ক রিজওয়ান ৩২ বলে ৪১ রান করে ফিরলেও ইয়াসির খান খেলেছেন ৮৩ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে কামরান গোলাম (৩৭) ও ড্যারিল মিচেলের (২৩) ঝোড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ২১৪ রানের পাহাড় গড়ে রিশাদের দল। পেশোয়ারের বোলাররা আজ বেশ খরুচে ছিলেন, তবে আলী রাজা নিয়েছেন ২ উইকেট।
রিশাদের উইকেট ও পেশোয়ারের রান তাড়া
২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম (৩৯) ও মোহাম্মদ হারিস (৪৭) পেশোয়ারকে দারুণ শুরু এনে দেন। মিডল অর্ডারে কুশল মেন্ডিস ১৭ বলে ৩১ রানের ক্যামিও খেলেন। ঠিক তখনই দৃশ্যপটে আসেন রিশাদ হোসেন। তিনি অ্যারন হার্ডিকে (৮) ফিরিয়ে রাওয়ালপিন্ডি’জকে ব্রেকথ্রু এনে দেন। রিশাদ ৪ ওভারে একটি উইকেট নিলেও আব্দুল সামাদ (৩৩) ও মাইকেল ব্রেসওয়েলের (৩৫*) তাণ্ডব থামাতে পারেনি তাঁর দল। রিশাদ ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে এক উইকেট শিকার করেন।
আরও পড়ুন: পিএসএল ২০২৬: নজরে থাকবেন যে ৫ ‘আনক্যাপড’ বিস্ময়বালক
শেষ মুহূর্তের উত্তেজনা
শেষ দিকে আমির জামালের ৫ বলে ১৭ রানের টর্নেডো ইনিংসে জয় সহজ হয়ে যায় পেশোয়ারের জন্য। নাসিম শাহর বলে ছক্কা মেরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেন তিনি। শেষ ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত করে পেশোয়ার জালমি। রাওয়ালপিন্ডি’জের হয়ে আমাদ বাট ২ উইকেট নিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
কেমন করলেন শরীফুল
এ ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক ঘটে বাংলাদেশের পেসার শরীফুল ইসলামের। ৪ ওভারে তিনি দিয়েছেন ৩১ রান। ভালো বোলিংই বলতে হবে। শেষ ওভারটা খানিকটা এলোমেলো হওয়ায় রান খরচ বেশি হয়ে গেছে। প্রথম ওভারে ৭ রান, দ্বিতীয় ওভারে ৮ রান এবং পাওয়ার প্লের শেষদিকে নিজের তৃতীয় ওভারে মাত্র ৫ রান দেন তিনি। তবে ১৯তম ওভারে ফিরে এসে প্রথম বলে বাউন্ডারি হজম করেন। পরের বলে নো, এরপর টানা দুই ওয়াইড! তবে শেষ ৫ বলে দেন মাত্র ৪ রান।

