ফরাসি তারকা পল পগবাআর্জেন্টিনার জার্সি পরে অনুশীলনে পল পগবা। ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টিনার আকাশী-নীল জার্সিতে ঘাম ঝরাচ্ছেন পল পগবা—এমন দৃশ্য দেখে ফুটবল বিশ্বে শোরগোল পড়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে বিষয়টি দলবদল নয়, বরং আর্জেন্টিনার ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা থেকেই বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সি গায়ে অনুশীলনে নেমেছেন এই ফরাসি মিডফিল্ডার।

বার্সেলোনায় পগবা-ফাতি জুটির অনুশীলন

দীর্ঘদিন চোট ও নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকা পগবা এখন ফেরার লড়াইয়ে মগ্ন। স্পেনের বার্সেলোনা অনুশীলন কেন্দ্রে তাকে দেখা গেছে ভিন্ন এক রূপে। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পরে কঠোর পরিশ্রম করছেন তিনি। মজার ব্যাপার হলো, এই সেশনে তার সঙ্গী ছিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আনসু ফাতি। পগবা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনুশীলনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘পিতা-পুত্র’।

আর্জেন্টাইন ফুটবলের সাথে পগবার পুরনো সখ্যতা

পগবার সাথে আর্জেন্টিনার সংযোগ এবারই প্রথম নয়। এর আগেও তাকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের জার্সি পরে বন্ধুদের সাথে ফুটবল খেলতে দেখা গেছে। এছাড়া ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের সময় বোকা জুনিয়র্সের ক্যাম্পে গিয়ে ক্লাব সভাপতি হুয়ান রোমান রিকুয়েলমে এবং সাবেক সতীর্থ মার্কোস রোহোর সাথে সময় কাটিয়েছিলেন তিনি। মূলত লাতিন ফুটবলের প্রতি বিশেষ দুর্বলতা থেকেই পগবাকে বারবার এসব পোশাকে দেখা যায়।

আরও পড়ুন: মাঠে ফিরে পগবার উচ্ছ্বাস

চোট ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার লক্ষ্য

২০২৪ সালে ডোপিং কেলেঙ্কারিতে পড়ে বড় মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন পগবা। তবে আইনি লড়াইয়ের পর সেই সাজা কমিয়ে ১৮ মাস করা হয়েছে। বর্তমানে পেশির চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে কাজ করছেন তিনি। মোনাকোর হয়ে বেশ কিছু ম্যাচ মিস করার পর এখন তার প্রধান লক্ষ্য হলো দ্রুততম সময়ের মধ্যে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে নিজের পুরনো ছন্দ ফিরে পাওয়া।