সময়টা সহজ ছিল না মোটেও। যার ধ্যানজ্ঞান ফুটবল, তিনি যখন মাসের পর মাস সেই ফুটবলকে ছাড়া থাকেন, তখন সহজ হওয়ার কথাও নয়। পল পগবার জন্যও সহজ ছিল না কিছুই। তবে কঠিন সময় এখন অতীত। দীর্ঘ অপেক্ষা শেষে মাঠে ফিরেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। ফেরার পর তার কণ্ঠে কেবলই উচ্ছ্বাস।
পল পগবা দুই বছরের বেশি সময় পর শনিবার লিগ ওয়ান-এর ম্যাচ দিয়ে পেশাদার ফুটবলে ফিরেছেন। ৩২ বছর বয়সী এই ফুটবলার এখন মোনাকোতে খেলছেন। তার ফেরার ম্যাচে রেনের কাছে ৪-১ গোলে হেরে গেছে মোনাকো।
তবে পুরো ম্যাচ খেলেননি পগবা। ম্যাচের ৮৫তম মিনিটে তাকে মাঠে নামান কোচ। যখন তিনি বদলি হিসেবে মাঠে নামছিলেন, গোটা স্টেডিয়াম করতালিতে তাকে স্বাগত জানায়।
২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ প্রতিযোগিতামূলক ফুটবল খেলেন পগবা। তিনি ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ হন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। পরে আপিলের মাধ্যমে তা কমিয়ে আনা হয় দেড় বছরে।
নিষেধাজ্ঞা পেরিয়ে ফ্রি ট্রান্সফার হিসেবে গেল জুনে তিনি যোগ দেন মোনাকোতে।
একসময় ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসে খেলা পগবা প্রত্যাবর্তনের পর নতুন আশায় সামনে এগোতে চান।
পগবা বলেন, “দর্শকদের উঠে দাঁড়িয়ে করতালি দিতে দেখেছি, এমনটা হবে আমি কল্পনাও করিনি। যে কাজকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ফুটবল আবার খেলতে পেরে স্বস্তি পাচ্ছি। তবে পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং ৯০ মিনিট খেলার জন্য তৈরি হতে এখনও অনেক কাজ বাকি…যদি মোনাকোয় ভালো পারফর্ম করতে না পারি, তাহলে আমাকে ফ্রান্স জাতীয় দলের কথা ভুলে যেতে হবে।”
তিনি যোগ করেন, “আমি নিজের ওপর এবং নিজের খেলার মানের ওপর আস্থা রাখি। যেহেতু জানতাম যে, আমি কোনো ভুল করিনি এবং এটা আমার দোষ ছিল না, আমি কখনও আশা হারাইনি।”
মোনাকোর পরের ম্যাচ আগামী বুধবার, চ্যাম্পিয়ন্স লিগের তারা খেলবে পাফোসের বিপক্ষে। লিগ ওয়ানে তাদের পরের ম্যাচ শনিবার, প্রতিপক্ষ পিএসজি।

