কালো ব্লেজার, চোখেমুখে নতুন সংকল্প—গাড়ি থেকে নামার পর চিরাচরিত ক্যামেরা আর ফ্ল্যাশবাল্বের ঝলকানি আজ তামিমের জন্য নতুন এক চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছিল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার ঘণ্টাখানেক পরেই বিসিবি কার্যালয়ে পা রাখেন তামিম। সভাপতির চেয়ারে বসেই অ্যাডহক কমিটির ১১ সদস্য নিয়ে জরুরি সভায় বসেন তিনি। সভা শেষে তামিমের কণ্ঠে ছিল না কোনো দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির ফুলঝুরি; বরং তাঁর কণ্ঠে ছিল ক্রিকেটের মর্যাদা পুনরুদ্ধারের স্পষ্ট অঙ্গীকার।
‘প্রধান কাজ ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার’
বিসিবি কার্যালয়ে মিনিট পাঁচেকের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তামিম নিজের অগ্রাধিকারের বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, “সাধারণত এমন দায়িত্ব পেলে অনেকেই ডেভেলপমেন্টসহ নানা বিষয়ে কথা বলেন; কিন্তু আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করা। গত দেড় বছরে যে সুনামের ক্ষতি হয়েছে, সেটি ঠিক করাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।”
তামিম আরও যোগ করেন যে, এই সুনাম ফেরানোর লড়াইয়ে তাঁর দল যতটা সম্ভব সৎভাবে কাজ করার চেষ্টা করবে।
আরও পড়ুন: নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল!
অ্যাডহক কমিটির নির্বাচন ও তামিমের অংশগ্রহণ
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিন মাসের সময় বেঁধে দিলেও অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। তামিম আজ সেই জট খুলে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, অ্যাডহক কমিটির সদস্যরা চাইলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
তামিম নিজেও নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে বলেন, “অবশ্যই আমরা নির্বাচন করব। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি। আমরা ওই অবস্থান ও পরিবেশ তৈরি করব যাতে সবাই এসে নির্বাচন করতে পারে। ক্রিকেটার, সংগঠক—সবার উচিত অংশগ্রহণ করা।”
আরও পড়ুন: বুলবুলের দাবি তিনি ‘বৈধ’, তামিমের কমিটি ‘অবৈধ’: লড়াই তবে আদালতে!
পদচ্যুত বোর্ড ও মিরপুরের থমথমে পরিস্থিতি
আজকের দিনটি বিসিবির জন্য ছিল চরম নাটকীয়। দুপুরেও পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনিয়েছিলেন সদ্য সাবেক সভাপতি আমিনুল। এমনকি সহসভাপতি ফারুক আহমেদও আঁচ করতে পারেননি তাঁদের বিদায় ঘণ্টা বেজে গেছে।
এনএসসি যখন বোর্ড ভাঙার ঘোষণা দিচ্ছে, তখনও আমিনুল ইসলাম, নাজমুল আবেদীন ফাহিম ও খালেদ মাসুদ পাইলটরা মিরপুরেই ছিলেন। ঘোষণা শোনার পর মুখ ভার করে বিসিবি ছাড়েন সাবেক এই পরিচালকেরা।
আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি তামিম
বোর্ড সভা শেষে জানানো হয়েছে, এখন থেকে আইসিসি (ICC) ও এসিসি (ACC)-তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকবেন তামিম ইকবাল। এছাড়া বোর্ডের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে।
গত ২০ মাসে তিনবার সভাপতি দেখল বিসিবি। নাজমুল হাসান পাপনের ১২ বছরের রাজত্বের পর আমিনুল ইসলাম ও ফারুক আহমেদও ছিলেন সাবেক অধিনায়ক। তাঁদের ব্যর্থতার পর এবার কাঁধে বিশাল ভার তুলে নিয়েছেন তামিম। সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে সরে দাঁড়ানো তামিম কি পারবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিসিবিকে একটি স্বচ্ছ নেতৃত্বে পৌঁছে দিতে? সে উত্তর এখন সময়ের হাতে।

