ম্যাচে নামার আগে জার্সি গায়ে এল-শেনাউইয়ের একটি মুহূর্ত।আল আহলির গোলরক্ষক এল-শেনাউই। ছবি: গেটি ইমেজেস

মিশরের ঘরোয়া লিগে রেফারির গায়ে হাত তুলে বড় শাস্তির মুখে পড়লেন অভিজ্ঞ গোলকিপার মোহামেদ এল-শেনাউই। ইজিপশিয়ান প্রো লিগে সিরামিকা ক্লিওপেট্রার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর রেফারির মাথায় আঘাত করায় তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আল আহলির এই তারকার এমন অপেশাদার আচরণে ফুটবল মহলে বইছে নিন্দার ঝড়।

পেনাল্টি না পাওয়ায় মেজাজ হারালেন এল-শেনাউই

গত মঙ্গলবারের ম্যাচে সাইডবেঞ্চে বসেছিলেন মিশরের এই এক নম্বর গোলকিপার। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ দলের এক ফুটবলারের হাতে বল লাগলেও আল আহলিকে পেনাল্টি দেননি রেফারি। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন এল-শেনাউই। ম্যাচ শেষ হওয়ার পরপরই তিনি মাঠে ঢুকে রেফারির সঙ্গে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তার মাথায় আঘাত করেন।

জরিমানা ও নিষেধাজ্ঞার খড়্গ

এল-শেনাউইয়ের এমন আচরণের প্রেক্ষিতে লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “রেফারির গায়ে হাত দেওয়া এবং ধাক্কা দেওয়ার অপরাধে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার ইজিপশিয়ান পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।” ৩৭ বছর বয়সী এই গোলকিপার সম্প্রতি ২০২৫ আফ্রিকা কাপ অফ নেশনসেও মিশরের প্রথম পছন্দের গোলকিপার ছিলেন।

বিশ্বকাপের আগে বড় ধাক্কা

আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের জন্য মিশরের প্রাথমিক স্কোয়াডে থাকার কথা রয়েছে এল-শেনাউইয়ের। তবে ঘরোয়া লিগে এমন শৃঙ্খলাভঙ্গ তার প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারে। বর্তমানে লিগ প্লে-অফ পর্বের লড়াই চলছে। এই নিষেধাজ্ঞার কারণে এল-শেনাউইকে এখন প্লে-অফের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে।

লিগের শিরোপা লড়াইয়ে আল আহলি

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল আহলি বর্তমানে ইজিপশিয়ান লিগের পয়েন্ট টেবিলে বেশ চাপে আছে। প্লে-অফে একটি ম্যাচ খেলার পর ৪১ পয়েন্ট নিয়ে তারা তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। চিরপ্রতিদ্বন্দ্বী ও টেবিল টপার জামালেক এসসির চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে আছে। এমন সংকটময় সময়ে দলের অভিজ্ঞ গোলকিপারকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বড় হোঁচট খেল ক্লাবটি।