বাংলাদেশ ফুটবল লিগের (BFL) লড়াই জমে উঠেছে। কিংস অ্যারেনায় আজ তলানির দল আরামবাগ ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে পুলিশ এফসিকে হারিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ফর্টিস এফসি।
কিংস অ্যারেনায় দরিয়েলতন-সানডে ঝলক
ম্যাচের শুরু থেকেই Bashundhara Kings’র রাকিব হোসেন, ইমানুয়েল সানডে ও দরিয়েলতন গোমেসরা আক্রমণাত্মক ফুটবলে দিশেহারা করে তোলেন আরামবাগকে। কিংসের প্রথম গোলটি আসে রাকিবের নিখুঁত পাস থেকে দরিয়েলতনের প্লেসিংয়ে। গোল হজম করে আরামবাগ খেই হারিয়ে ফেললে ব্যবধান দ্বিগুণ করতে দেরি করেনি কিংস।
এবার দরিয়েলতনের বাড়ানো ক্রসে দারুণ হেডে জাল কাঁপান সানডে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।
রেফারিকে ধাক্কা ও আরামবাগের লড়াই
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যাচে ছড়ায় ব্যাপক উত্তেজনা। আরামবাগের কিজিতো বল জালে পাঠালেও সহকারী রেফারি হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল করে দেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আরামবাগের খেলোয়াড়রা সহকারী রেফারিকে মৃদু ধাক্কা দিলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে।
তবে ৬৩ মিনিটে মিলস একটি গোল শোধ করলে ম্যাচে ফেরার আভাস দেয় আরামবাগ। হারলেও দ্বিতীয়ার্ধে কিংসের চোখে চোখ রেখে লড়াই করেছে তারা। শেষ পর্যন্ত ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল কিংস।
আরও পড়ুন: দরিয়েলতনের হ্যাটট্রিক, রোমাঞ্চকর জয়: শীর্ষস্থান মজবুত করল বসুন্ধরা
গাজীপুরে মিঠু-নোভার বাজিমাত
পুলিশ এফসির বিপক্ষে ম্যাচের শুরুতেই ফর্টিসকে লিড এনে দেন সাফ অনূর্ধ্ব-২০ জয়ী দলের অধিনায়ক মিঠু চৌধুরী। বক্সের ভেতর থেকে নিখুঁত এক হেডে লক্ষ্যভেদ করেন এই তরুণ ডিফেন্ডার। ম্যাচের শেষ দিকে পুলিশ সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও অতিরিক্ত সময়ে সব রোমাঞ্চের অবসান ঘটান পিয়াস আহমেদ নোভা। ওমর বাবুর পাস থেকে দারুণ শটে গোল করে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।
আরও পড়ুন: বসুন্ধরার হোঁচটের দিনে আবাহনীর দারুণ জয়
প্রাচীর হয়ে দাঁড়ালেন পেরেইরা
ফর্টিসের এই জয়ের পেছনে বড় অবদান শ্রীলঙ্কান গোলকিপার সুজন পেরেইরার। পুলিশের অন্তত দুটি নিশ্চিত গোল দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন তিনি। পুলিশের এটি লিগে দ্বিতীয় হার। এই জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আবাহনীকে টপকে টেবিলের দুইয়ে উঠে এল ফর্টিস। ২২ পয়েন্ট নিয়ে আবাহনী নেমে গেছে তিনে।

