দিল্লি ক্যাপিটালসের নিতিশ রানা ও নেপালের ক্রিকেটার কারান কেসি।দিল্লি ক্যাপিটালসের নিতিশ রানা ও নেপালের ক্রিকেটার কারান কেসি। ছবি: সংগৃহিত

ক্রিকেট মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ নতুন কিছু নয়, কিন্তু এবার সেই অসন্তোষ রূপ নিল অকথ্য ভাষা প্রয়োগ আর সামাজিক যোগাযোগমাধ্যমে মারার হুমকিতে। IPL-এ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন দিল্লির নিতিশ রানা, আর নেপালে আম্পায়ারকে মারার হুমকি দিয়ে নিষিদ্ধ হয়েছেন কারান কেসি।

আইপিএলে রানার দণ্ড ও রুতুরাজের জরিমানা

চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারের প্রতি আপত্তিকর শব্দ ব্যবহার করে ফেঁসে গেছেন দিল্লি ক্যাপিটালসের (DC) নিতিশ রানা। দিল্লির দক্ষিণ আফ্রিকান ব্যাটার ত্রিস্তান স্টাবস গ্লাভস পরিবর্তনের অনুমতি না পেয়ে আউট হওয়ার পর ডাগআউটে মেজাজ হারান রানা। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি, যা শৃঙ্খলাবিধি অনুযায়ী ‘অশ্লীল শব্দ প্রয়োগ’ হিসেবে গণ্য হয়েছে। ফলে রানার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

আরও পড়ুন: আইপিএল: সূর্যবংশী-বুমরাহ দ্বৈরথে লারার ব্যাক-লিফট আর ব্র্যাডম্যানের ক্ষিপ্রতা!

অন্যদিকে, আসরে প্রথম জয়ের স্বাদ পেলেও পকেট থেকে ১২ লাখ রুপি খসছে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার-রেট) এই জরিমানা গুনতে হচ্ছে তাকে। চলতি আইপিএলে শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের পর তৃতীয় অধিনায়ক হিসেবে এই শাস্তি পেলেন তিনি।

নেপালে আম্পায়ারকে ‘মৃত্যুর হুমকি’!

সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে নেপালের পিএম কাপে। মাঠের তর্ক নয়, বরং ফেসবুকের এক কমেন্টে আম্পায়ারকে মারার প্রচ্ছন্ন হুমকি দিয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নেপালি অলরাউন্ডার কারান কেসি (Karan KC)।

বাগমাতি ও মাধেশের মধ্যকার ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সেখানে কারান কমেন্ট করেন, “কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি।”

এমন মন্তব্যের পর তোলপাড় শুরু হলে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (CAN) তাকে শাস্তির আওতায় আনে। যদিও কারান পরে ক্ষমা চেয়েছেন, তবে পার পাননি তিনি।