নাহিদ রানার উইকেট পাওয়ার উল্লাস।বাংলাদেশের বোলিংয়ের অন্যতম অস্ত্র নাহিদ রানা। ছবি: ক্রিকইনফো

নাহিদ রানা—নামটাই এখন ব্যাটারদের জন্য আতঙ্কের সমার্থক। গতির ঝড় আর বাউন্সারের তোপে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে ওস্তাদ এই পেসারকে নিউজিল্যান্ড সিরিজের ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্ষেফুল দেখানো Nahid Rana এখন কিউইদের শিকারেও মরিয়া।

সিমন্সের বিশেষ নজরে রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সংবাদ সম্মেলনে রানাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সিমন্স। তিনি বলেন, ‘নাহিদ রানা আমাদের অন্যতম ট্রাম্প কার্ড। তবে তাকে আগলে রাখা এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আমাদের নিশ্চিত করতে হবে যখনই সে মাঠে নামবে, যেন বাংলাদেশের জন্য সেরাটা দিতে পারে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক রানার আগুনে বোলিংয়ের কথা আলাদাভাবে উল্লেখ করেন কোচ। সেই সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন এই গতিতারকা।

আরও পড়ুন: ‘চাঁপাই এক্সপ্রেস’ নাহিদ রানা বললেন ‘নিজেকে ব্র্যান্ড মনে করি না’

রানা-ভীতি কিউই শিবিরেও

কেবল বাংলাদেশ কোচই নন, নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারও রানাকে নিয়ে সতর্ক। রানার সক্ষমতাকে ছোট করে না দেখে ওয়াল্টার বলেন, ‘সে একজন চমৎকার ফাস্ট বোলার। কন্ডিশন তাকে সাহায্য করবে। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলারকে মোকাবিলা করার দক্ষতা অর্জন করাই আমাদের লক্ষ্য।’

তবে কিউই কোচ এও মনে করিয়ে দিয়েছেন যে, পেসারদের খেলা তাঁদের জন্য নতুন কিছু নয়।

আরও পড়ুন: নাহিদ রানা এক্সপ্রেসে পাকিস্তান জ্বলেপুড়ে ছারখার!

উদ্বোধনী জুটি ও সৌম্য প্রসঙ্গ

তানজিদ হাসান তামিম ছন্দে থাকলেও ওপেনিংয়ে সাইফ হাসানের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রস্তুতি ম্যাচে সাইফের ছন্দ ফেরায় দুশ্চিন্তা দেখছেন না সিমন্স। অন্যদিকে, অভিজ্ঞ সৌম্য সরকার প্রসঙ্গে কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলে ফিরতে হলে পারফরম্যান্সের কোনো বিকল্প নেই।

বিপিএল ও বিসিএলে বেশ কিছু ম্যাচ মিস করায় সৌম্য বর্তমানে দলের বাইরে থাকলেও সিমন্স তাঁকে ‘চমৎকার খেলোয়াড়’ হিসেবেই বিবেচনা করেন।

১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে এই লড়াই। কিউইদের বিপক্ষে রানার গতি আর অভিজ্ঞদের রণকৌশলে বাংলাদেশ আবারও সিরিজ জয়ের স্বপ্ন দেখছে।

এবারের ওয়ানডে সিরিজ দিবারাত্রির হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। দিনের আলোয় উইকেটের আচরণ কিছুটা ধীরগতির হতে পারে বলে মনে করছেন সিমন্স। তাই সকালের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সকালেই অনুশীলন সারছে টাইগাররা।