পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা।

মাশরাফি বিন মুর্তজাকে বলা হতো ‘নড়াইল এক্সপ্রেস’, শোয়েব আক্তারকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। বাংলাদেশের ইতিহাসের দ্রুততম পেসার নাহিদ রানার নামের পাশেও এখন যোগ হয়েছে ‘চাঁপাই এক্সপ্রেস’ তকমা। তবে এই উপাধি নিয়ে খুব একটা ভাবছেন না ২৩ বছর বয়সী এই পেসার। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর পর সংবাদ সম্মেলনে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই দাবি করেছেন নাহিদ।

‘ব্র্যান্ড’ হতে চান না নাহিদ

সংবাদ সম্মেলনে যখন তাকে ‘চাঁপাই এক্সপ্রেস’ নামে ডাকা নিয়ে প্রশ্ন করা হলো, নাহিদ হাসি মুখে মাথা নাড়লেন।

উত্তর দিলেন এভাবে, “আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না। আমি নিজেকে মনে করি একটা স্বাভাবিক মানুষ। চেষ্টা করি কীভাবে ভালো ভালো পারফরম্যান্স দিতে পারব।”

তাসকিন-মোস্তাফিজের পরামর্শে সাফল্য

টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম ৯ ওভারে কোনো উইকেট হারায়নি। এরপর বল হাতে নিয়েই মোড় ঘুরিয়ে দেন নাহিদ। নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে তিনি বলেন, “শুরুতে মোস্তাফিজ ভাই ও তাসকিন ভাই বোলিং করছিল, তাদের সঙ্গে কথা বলছিলাম যে উইকেট কেমন আচরণ করছে। তারা বলল, এক জায়গায় লাইন–লেন্থ মেইনটেইন করলে ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে। আমি শুধু সেটাই বাস্তবায়ন করেছি।”

আরও পড়ুন: নাহিদ রানা এক্সপ্রেসে পাকিস্তান জ্বলেপুড়ে ছারখার!

গতির চেয়ে স্কিলেই মনযোগ

ক্যারিয়ারের শুরু থেকেই ১৪৫-১৫০ কিমি গতিতে বোলিং করে আলোচনায় নাহিদ। আজও তাঁর গতির তোপে দিশাহারা ছিল পাকিস্তান। তবে নাহিদ মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে কেবল গতি যথেষ্ট নয়।

তিনি বলেন, “গতি নিয়ে আমি আসলে চিন্তা করি না। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে গতির চেয়ে আপনার স্কিলটা বেশি মেটার করে। আমি এখন স্কিল নিয়ে কাজ করার চেষ্টা করছি।”

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে না থাকলেও, এবারের প্রত্যাবর্তনটা রাজকীয় করেছেন নাহিদ। টিম ম্যানেজমেন্ট থেকে ‘মন খুলে বোলিং করার’ যে স্বাধীনতা তাকে দেওয়া হয়েছিল, তার শতভাগ প্রতিদান তিনি দিয়েছেন মিরপুরের মাঠে।