আইপিএল বনাম পিএসএল দ্বন্দ্বে আবারও আলোচনায় অর্থের ঝনঝনানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৯তম আসরে দল পাওয়ার পর পাকিস্তান সুপার লিগের (PSL) চুক্তি বাতিলের দায়ে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে জিম্বাবুয়ের ব্লেজিং মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি।
লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
যে কারণে পিসিবি’র এই কঠোর সিদ্ধান্ত
পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল শানাকার। কিন্তু ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানের বদলি হিসেবে রাজস্থান রয়্যালসের ডাক পাওয়ার পরপরই তিনি লাহোরের সঙ্গে চুক্তি বাতিল করেন।
পিসিবি’র একটি রিভিউ কমিটি এই বিষয়টি খতিয়ে দেখে জানায়, “খেলোয়াড়ের এই একতরফা সিদ্ধান্ত প্লেয়ার রেজিস্ট্রেশন এবং ত্রিপক্ষীয় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। বিদ্যমান চুক্তির কোনো শর্ত ছাড়াই তিনি এই টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।”
পিসিবি আরও যোগ করে যে, লিগের সততা এবং স্বাতন্ত্র্য বজায় রাখতেই এই আইনি পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।
আরও পড়ুন: পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের ‘দেখে নেবে’ পিসিবি!
৮ গুণ বেশি টাকায় রাজস্থানে শানাকা
শানাকার এই সিদ্ধান্তের পেছনে বিশাল অঙ্কের অর্থের পার্থক্যকেই মূল কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
পিএসএল (লাহোর কালান্দার্স): ৭৫ লাখ পাকিস্তানি রুপি।
আইপিএল (রাজস্থান রয়্যালস): ২ কোটি ভারতীয় রুপি।
ডলারের হিসেবে রাজস্থান রয়্যালসে শানাকার চুক্তিটি লাহোরের তুলনায় প্রায় ৮ গুণ বেশি। এই বিপুল পরিমাণ পারিশ্রমিকের লোভেই তিনি পিসিবি’র নিয়ম ভাঙতে দ্বিধা করেননি বলে ধারণা করা হচ্ছে।
শানাকার ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ
নিষেধাজ্ঞা জারির পর একটি আনুষ্ঠানিক বিবৃতিতে শানাকা পাকিস্তান ও পিএসএল ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শানাকা বলেন, “পিএসএল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তান ও লাহোর কালান্দার্সের সমর্থকদের হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যখন আমি পিএসএল থেকে নাম প্রত্যাহার করি, তখন অন্য কোনো টুর্নামেন্টে যোগ দেওয়ার ইচ্ছা আমার ছিল না।”
আরও পড়ুন: তুমুল নাটক! শানাকার তাণ্ডব, পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়, তবুও বিদায়
পুরনো রোগের পুনরাবৃত্তি
পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ার ঘটনা শানাকাই প্রথম ঘটালেন না। এর আগেও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ইসলামবাদ ইউনাইটেড ছেড়ে কেকেআর-এ এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ছেড়ে চেন্নাই সুপার কিংসে (CSK) যোগ দিয়েছিলেন।
তবে মুজারাবানির পর শানাকার ক্ষেত্রে পিসিবি’র এই কঠোর অবস্থান অন্যান্য বিদেশি খেলোয়াড়দের জন্য একটি কড়া বার্তা হিসেবে দেখছে ক্রিকেট মহল।

