তামিম ইকবাল, রাজিন সালেহ ও নাঈম হাসানের ছবি।তামিমকে ধন্যবাদ দিয়ে নাঈমকে দুর্ভাগা বললেন রাজিন সালেহ|

মাঠে গড়িয়েছে বল, ব্যস্ততা বেড়েছে ড্রেসিংরুমে। ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটার ও কোচরা। চলমান বিসিএলে পূর্বাঞ্চলের ডাগআউটে বসে সেই স্বস্তির কথাই শোনালেন দলটির কোচ রাজিন সালেহ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আলাপকালে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক যেমন শোনালেন নাঈম হাসানের না পাওয়া আক্ষেপের গল্প, তেমনি তামিম ইকবালকে জানালেন বিশেষ ধন্যবাদ।

মিরাজ-ভাগ্যে আটকা নাঈম!

বয়স মাত্র ২৬, অথচ এর মধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের বিশাল মাইলফলক স্পর্শ করেছেন নাঈম হাসান। এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ নাঈম এখন একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে অনেকখানি পিছিয়ে। রাজিন সালেহর চোখে নাঈম স্রেফ ‘দুর্ভাগা’।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের মতে, মেহেদী হাসান মিরাজের তুখোড় ফর্মই নাঈমের পথের কাঁটা। তিনি বলেন, “আমি বলব ও দুর্ভাগা। তবে ওর সমতুল্য যে আছে (মিরাজ), ওকেও দেখতে হবে। মিরাজ পরীক্ষিত বোলার। ওই জায়গায় নাঈম সুযোগ কম পাচ্ছে। তবে আমি আশাবাদী ও সামনে সুযোগ পাবে এবং টেস্ট দলকে সার্ভিস দিবে।”

উল্লেখ্য, দারুণ প্রতিভা থাকা সত্ত্বেও নাঈম এখন পর্যন্ত মাত্র ১৪টি টেস্ট খেলতে পেরেছেন।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন কবে, তারিখ জানিয়ে দিলেন তামিম ইকবাল

তামিমের উদ্যোগে ‘রুটি-রুজি’র নিশ্চয়তা

অ্যাডহক কমিটির নেতৃত্বে আসার পর তামিম ইকবাল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন খেলা মাঠে ফেরানোয়। বিসিএল শুরু হয়েছে, সামনেই প্রিমিয়ার লিগ। ক্রিকেটের এই অচলাবস্থা কাটানোয় তামিমকে ধন্যবাদ জানিয়েছেন রাজিন।

তিনি বলেন, “খেলোয়াড় বা কোচ—সবাই মাঠে থাকতেই পছন্দ করে। তামিমকে ধন্যবাদ। আমাদের মধ্যে যে দ্বিধা ছিল তা কেটেছে। ডিপিএল প্রতিটি প্লেয়ারের রুটি-রুজি, সবাই এখন রোমাঞ্চিত।”

তবে বিসিএলের এক রাউন্ডের পর বিরতি দিয়ে প্রিমিয়ার লিগ শুরু হওয়া নিয়ে কিছুটা চিন্তিত রাজিন। ছন্দপতনের শঙ্কা থাকলেও পেশাদার ক্রিকেটাররা দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস তাঁর।

আরও পড়ুন: রাজ্জাক, শাহরিয়ার, রাজিনদের লেভেল-৩’র সার্টিফিকেট দিলেন তামিম ইকবাল

নজরে তোফায়েল ও পাকিস্তান সফর

সামনে পাকিস্তান সফর এবং এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন টেস্ট সিরিজ। রাজিন মনে করেন, বিসিএল প্রস্তুতির সেরা মঞ্চ। এই মঞ্চেই ইবাদত-খালেদদের ছাপিয়ে নজর কেড়েছেন তরুণ তোফায়েল আহমেদ।

শিষ্যের প্রশংসায় রাজিন বলেন, “তোফায়েলকে আমরা আগামীর ভালো অলরাউন্ডার হিসেবে দেখি। বিসিএল-এনসিএলে ও নিয়মিত পারফর্ম করছে। তাকে সুযোগ দেওয়া উচিত।”