ওয়ানডে অভিষেকে ফিফটির পর মোহাম্মদ আব্বাস।অভিষেকেই ঝড় তুলে রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। ছবি: এএফপি

ওয়ানডে সিরিজে দারুণ লড়াইয়ের পর এবার শুরু হচ্ছে কুড়ি ওভারের ক্রিকেটের উত্তেজনা। প্রথম ম্যাচে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে বড় এক পরিবর্তন নিয়ে এলো নিউজিল্যান্ড। হাতের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, আর তার স্থলাভিষিক্ত হয়েছেন ওয়ানডে দলেই থাকা মোহাম্মদ আব্বাস।

কপাল খুলল রেকর্ডধারী আব্বাসের

ক্রিস্টিয়ান ক্লার্ক বর্তমানে শ্রীলঙ্কা সফরে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলার সময় হাতে চোট পান। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে নাম প্রত্যাহার করতে হয়। এর আগে ওয়ানডে স্কোয়াড থেকেও তাকে বাদ দিতে হয়েছিল।

এদিকে, মোহাম্মদ আব্বাসের ওয়ানডে সিরিজ শেষ করে দেশের বিমানে চড়ার কথা ছিল। কিন্তু ক্লার্কের ইনজুরি তাকে আরও একবার লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে প্রমাণের সুযোগ করে দিল।

আরও পড়ুন: ইনজুরিতে ছিটকে গেলেন ক্লার্ক, বাংলাদেশের বিমানে লিস্টার

কে এই মোহাম্মদ আব্বাস?

২১ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার মূলত পাকিস্তানি বংশোদ্ভূত। লাহোরে জন্ম নেওয়া আব্বাস নিউজিল্যান্ডের অকল্যান্ডে বেড়ে উঠেছেন। তার বাবা আজহার আব্বাস পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন।

তবে বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করে আব্বাস এখন কিউইদের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন।

আব্বাসের অভিষেক রেকর্ড

২০২৫ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন আব্বাস। নেপিয়ারে মাত্র ২৪ বলে হাফ-সেঞ্চুরি করে ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়েন তিনি, যা আগে ভারতের ক্রুনাল পান্ডিয়ার দখলে ছিল। ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষেও বেশ সাবলীল ব্যাটিং করেছেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজের সূচি

১ম টি-টোয়েন্টি ২৭ এপ্রিল চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি ২৯ এপ্রিল চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি ২ মে ঢাকা

নিউজিল্যান্ডের পরিবর্তিত টি-টোয়েন্টি দল

টম ল্যাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভান জ্যাকবস, নিক কেলি, টিম রবিনসন, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ, ম্যাট ফিশার, জেডন লেনক্স, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি।