টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন।ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিতে চায় বাংলাদেশ। ছবি: বিসিবি

ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন উদ্দীপনা নিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে লিটন দাস, তাওহীদ হৃদয়দের জন্য বিশেষ চমক নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের পারফরম্যান্সে উৎসাহ দিতে প্রতিটি ম্যাচে সেরা পারফর্মারকে দামী ই-বাইক দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

২ লাখ ৯০ হাজার টাকার ই-বাইক

বিসিবি সভাপতি তামিম ইকবাল নিশ্চিত করেছেন যে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটারকে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে বিজয়ীকে দেওয়া হবে ‘ইলুপ’ (Eloop) ব্র্যান্ডের একটি ই-বাইক।

এটি অত্যন্ত দামী একটি ই-বাইক। এটির বর্তমান দাম কত জানেন? প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা!

মূলত জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব এবং লড়াই করার মানসিকতা বাড়িয়ে তুলতেই বিসিবির এই অনন্য উদ্যোগ।

আরও পড়ুন: নাহিদ রানার লাজুক হাসির আড়ালে আগ্নেয়গিরির লাভা!

প্রস্তুত লিটন-ইমনরা

এর আগে প্রথম ম্যাচে ২৬ রানে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন নাহিদ রানা এবং শেষ ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলে সেরা হন নাজমুল হোসেন শান্ত।

তবে টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্বে দেখা যাবে লিটন দাসকে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে সিরিজের সফল বোলার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে।

অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।

টি-টোয়েন্টি সিরিজের জন্য অনুশীলন করেছেন পারভেজ হোসেন ইমনরা। এবার মাঠের খেলায় ভালো করার পালা।

আরও পড়ুন: দর্শকের আকাল দেখে টি-২০ সিরিজে টিকিটের দাম কমাল বিসিবি

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।