২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত মাঠ নামা হয়নি টাইগারদের। তৎকালীন অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানের কারণে বিশ্বমঞ্চের এই আসর থেকে বঞ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে এতদিন পর্দার আড়ালে অনেক আলোচনা হলেও এবার খোদ সাকিব আল হাসান কাঠগড়ায় তুললেন অন্তর্বর্তী সরকারকে। মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম কাপের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি সাফ বলেন, “বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সরকারের অনেক বড় ভুল ছিল।” এদিকে, সাবেক সতীর্থ তামিম ইকবালের প্রশংসা করেছেন সাকিব।
নিরাপত্তা অজুহাত ও বিশ্বকাপের সুযোগ হাতছাড়া
ঘটনার সূত্রপাত হয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। সেই সময় ভারতে লিটন-মোস্তাফিজদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিসিবি। ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর দাবি তোলা হলেও আইসিসি তাতে সায় দেয়নি।
তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল দাবি করেছিলেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে।
তবে সাকিব মনে করেন, এই রাজনৈতিক টানাপোড়েনে ক্ষতি হয়েছে কেবল ক্রিকেটের। তাঁর মতে, “আমরা ক্রিকেটপাগল দেশ। আমাদের দেশ বিশ্বকাপে খেলছে না—এটা বড় একটি মিস।”
আরও পড়ুন:
হঠাৎ কেন ‘সাকিব কার্ড’? রহস্যঘেরা সবকিছু!
অবসর ও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা
সাকিবকে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে দেখা গিয়েছিল ২০২৪ সালের অক্টোবরে কানপুর টেস্টে। এরপর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি পর্ষদ সাকিবকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক।
নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব বলেন, “আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। সময় সবকিছুই স্বাভাবিক করে।”
তামিম ইকবালের বিসিবি সভাপতি হওয়া প্রসঙ্গে
গত ৭ এপ্রিল এনএসসি কর্তৃক আমিনুল ইসলাম বুলবুলের পর্ষদ ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। সাবেক সতীর্থ তামিমকে নিয়ে সাকিবের মূল্যায়ন বেশ ইতিবাচক, প্রশংসাসূচক।
সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব বলেন, “আশা করি নির্বাচন হবে এবং সে (তামিম) যদি সভাপতি হয়, তবে তাঁর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকবে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।”
আরও পড়ুন:
মুশফিক, সাকিব, তামিম—৩ জনকে নিয়েই মুখ খুললেন মিরাজ
দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী সাকিব
নিজে বিশ্বকাপ না খেললেও বর্তমান দলের পারফরম্যান্সে খুশি সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়ের উদাহরণ টেনে তিনি বলেন, “দল এই মুহূর্তে সত্যিই ভালো খেলছে। এখন ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে পুরো দল মিলে পারফর্ম করে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা বেশ সম্ভাবনাময়।”

