বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক ও মিরাজ।সাকিব, তামিম, মুশফিক প্রসঙ্গে কথা বলেছেন মিরাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে দেশের ক্রিকেটের তিন বড় স্তম্ভ—মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং নতুন সভাপতি তামিম ইকবালকে নিয়ে খোলামেলা কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাঠের লড়াই শুরুর আগে ড্রেসিংরুমের আবহাওয়া এবং সিনিয়রদের নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

মুশফিকের ফেরা ও অবসরের সম্মান

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে থেকে মুশফিকের অবসর নেওয়ার পর গুঞ্জন উঠেছিল, মিরাজের অনুরোধেই তিনি ফিরছেন। তবে মিরাজ আজ গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, “মুশফিক ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে ক্যাপ্টেনের জন্য কাজ অনেক সহজ হয়ে যায়। তাঁর ফিটনেস অনুযায়ী তিনি আরও কিছুদিন খেলতে পারতেন। তবে যেহেতু তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান করি।”

অর্থাৎ, মুশফিক আর ওয়ানডেতে রঙিন পোশাকে ফিরছেন না। তিনি টেস্ট ক্রিকেটই চালিয়ে যাবেন।

আরও পড়ুন: মিরাজের চাওয়ায় ওয়ানডেতে ফিরছেন মুশফিক? সিমন্সের রহস্যময় জবাব

সাকিব ইস্যু ও ড্রেসিংরুমের পরিবেশ

সাকিব আল হাসানের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে দলের ওপর কোনো প্রভাব পড়ছে কি না, এমন প্রশ্নও শুনতে হয়েছে ওয়ানডে অধিনায়ক মিরাজকে। এর জবাব তিনি বেশ পেশাদারত্ব বজায় রেখেই দিয়েছেন।

মিরাজ জানান, সাকিবের ইস্যুটি সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত এবং এটি ড্রেসিংরুমে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। খেলোয়াড়দের মূল ফোকাস এখন কেবল মাঠের ক্রিকেটে।

নতুন সভাপতি তামিমের ‘বুস্ট আপ’

বিসিবির অ্যাড-হক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল ক্রিকেটারদের উজ্জীবিত করছেন। তামিমের সঙ্গে আলোচনাও হয়েছে মিরাজের।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, “প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের বুস্ট আপ করেছেন। আমরা যেভাবে ভালো খেলছি, সেই ধারাটা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।”

তিনি যোগ করেন, “তাঁর (তামিম) সঙ্গে আমরা অনেক দিন ক্রিকেট খেলেছি। তিনি আমাদের সম্পর্কে অনেক কিছুই ভালো জানবেন। সম্প্রতি যেহেতু খেলা ছেড়েছেন, এটা আমাদের জন্য ইতিবাচক দিক।”

আরও পড়ুন: বিসিবিতে শুরুতেই তামিম ইকবালের ‘বোল্ড স্টেপ’

সিরিজ জয় ও প্রস্তুতির আত্মবিশ্বাস

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে মিরাজ বেশ আত্মবিশ্বাসী। গত তিন সপ্তাহের কঠোর অনুশীলনের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাইরে কী হচ্ছে তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের পেসাররা গত কয়েক বছর ধরে দারুণ করছে। সিরিজের প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব।”