বাংলাদেশের ছেলে সাইফুল্লাহ শাকিব খেলছেন পোল্যান্ড ক্রিকেট টিমে।সাইফুল্লাহ শাকিব পোল্যান্ড জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন। সংগৃহিত ছবি

ফুটবল মহাতারকা রবার্ট লেভানডফস্কি কিংবা টেনিস কুইন ইগা শিয়াতেকের দেশ পোল্যান্ড। সেই পোল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এখন যুক্ত হলো এক বাংলাদেশির নাম। ১৯৯৮ সালে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জন্ম নেওয়া সাইফুল্লাহ শাকিব এখন পোলিশ ক্রিকেট দলের অন্যতম ভরসা। গত ২৫ এপ্রিল স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর যাত্রা শুরু হয়েছে।

মাদ্রাসা থেকে ক্রিকেটের আঙিনায়

শাকিবের এই যাত্রা মোটেও সহজ ছিল না। পরিবারের ইচ্ছায় ২০০৬ সালে কক্সবাজারের একটি হেফজখানায় ভর্তি হন তিনি। নাইক্ষ্যংছড়ির বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা শেষে দাখিল পাস করার পর উচ্চশিক্ষার জন্য ঢাকায় পাড়ি জমান। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল প্রবল ঝোঁক।

ঢাকায় গিয়ে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের সহযোগিতায় মিরপুরের একটি কলেজে ইংরেজি অনার্সে ভর্তি হন এবং নিয়মিত ক্রিকেট অনুশীলন চালিয়ে যান। শেষ পর্যন্ত ২০২৩ সালের নভেম্বরে সুযোগ আসে পোল্যান্ডে যাওয়ার, যা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

স্বপ্ন ছিল বাংলাদেশ, ভাগ্য লিখল পোল্যান্ড

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর দীর্ঘদিনের আক্ষেপ থাকলেও পোল্যান্ডের হয়ে খেলতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেগী এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “স্বপ্ন ছিল নিজের দেশের প্রতিনিধিত্ব করার, কিন্তু ভাগ্যে লেখা ছিল পোল্যান্ড। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য শুকরিয়া।”

তাঁর এই সাফল্যে গর্বিত চাকঢালা বাজারের ব্যবসায়ী বাবা মোহাম্মদ ইউনুছ এবং এলাকাবাসী।

নাইক্ষ্যংছড়ির গর্ব শাকিব

শাকিবের এই অর্জনে উচ্ছ্বসিত নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনও। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এই অর্জনকে এলাকার জন্য অত্যন্ত সম্মানের বলে অভিহিত করেছেন।

স্থানীয়দের মতে, শাকিব ছোটবেলা থেকেই অমায়িক ও ভদ্র স্বভাবের ছিলেন। তাঁর এই আন্তর্জাতিক সাফল্য এখন নাইক্ষ্যংছড়ির গণ্ডি ছাড়িয়ে পুরো বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অনুপ্রেরণা জোগাচ্ছে।