পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ।পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। ছবি: এএফপি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে পাকিস্তান। এই সিরিজকে সামনে রেখে করাচিতে হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে অনুশীলন ক্যাম্প করছে স্বাগতিকরা। ক্যাম্পের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরফরাজ আহমেদ জানান, বাইরের আলোচনা বা সমালোচনা তাঁকে বিচলিত করছে না।

সমালোচনার জবাবে সরফরাজ

সাবেক সতীর্থ ও ক্রিকেটারদের নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে সরফরাজ বলেন, “দেখুন, সাবেক ক্রিকেটার ও আমার প্রাক্তন সহকর্মীদের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে আমি এই নতুন সুযোগটি কাজে লাগানোর ব্যাপারে অত্যন্ত ইতিবাচক।”

নিজের কোচিং প্যানেলের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি আরও যোগ করেন, “উমর গুল, আসাদ শফিক, গ্রান্ট লুডেন এবং আব্দুল সাদের সমন্বয়ে গঠিত আমাদের ম্যানেজমেন্ট দলকে সফল করতে আত্মবিশ্বাসী।”

বাবর আজম প্রসঙ্গে কোচের মূল্যায়ন

পেশোয়ার জালমিকে পিএসএল ১১-এর ফাইনালে তোলা বাবর আজম আগামী ৩ মে দলের সঙ্গে যোগ দেবেন। বাবর ছাড়াও খুররম শাহজাদ ও শান মাসুদ পিএসএল শেষ করে দলে যোগ দেবেন।

বাবরের ফেরা নিয়ে সরফরাজ বলেন, “বাবর রান পাচ্ছে—এটা দেখে ভালো লাগছে। বিশেষ করে তাঁর টেকনিক্যাল কামব্যাকটা অসাধারণ। টি-টোয়েন্টিতে সে রান করছে, তবে সে যখন আমাদের সাথে যোগ দেবে, আমরা এখানে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করব।”

আরও পড়ুন:
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে ৪ নতুন মুখ, খেলা হবে ঢাকা ও সিলেটে

বাংলাদেশ সফরের সময়সূচি ও টেস্ট চ্যাম্পিয়নশিপ

পাকিস্তান বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তান কোচ স্পষ্ট জানিয়েছেন, তাঁদের লক্ষ্য এই সিরিজে ভালো খেলে ভালো ফলাফল করা।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘুরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।