শনিবার (২ মে) মিরপুরের আকাশ যেমন মেঘলা ছিল, বাংলাদেশের ব্যাটারদের অবস্থাও ছিল ঠিক তেমন। কিন্তু এই ঝিমঝিম বৃষ্টির মাঝেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিলেন নিউজিল্যান্ডের ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনার জেইডেন লেনক্স। অভিষেক ম্যাচের একদম প্রথম বলেই সাইফ হাসানকে সাজঘরে পাঠিয়ে তিনি গড়েছেন এক অনন্য কীর্তি।
অভিষেক ক্যাপটা পাওয়ার আনন্দ তখনো টাটকা। ইনিংসের চতুর্থ ওভার। বোলার জেইডেন লেনক্স। ঝুলিয়ে দেওয়া প্রথম ডেলিভারিতেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন সাইফ। নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে প্রথম বলে উইকেটের স্বাদ পেলেন তিনি।
প্রতিপক্ষ যখন শুধুই বাংলাদেশ!
মজার ব্যাপার হলো, লেনক্সের আগে যে দুজন কিউই বোলার (লকি ফার্গুসন ও কোল ম্যাককননি) এই কীর্তি গড়েছিলেন, দুবারই প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ২০১৭ সালে নেপিয়ারে ফার্গুসনের শিকার হয়েছিলেন সাব্বির রহমান। আর ২০২১ সালে এই মিরপুরেই ম্যাককননি ফিরিয়েছিলেন নাঈম শেখকে। যেন কিউই বোলারদের রেকর্ডের খাতা খুলতেই বারবার ত্রাতা হয়ে আসে বাংলাদেশের উইকেট!
তাইজুলের সেই একমাত্র শিকার
বাংলাদেশের হয়ে এই গৌরবের মালিক কেবল একজন— তাইজুল ইসলাম। ২০১৯ সালে জিম্বাবুয়ের ব্রেন্ডান টেইলরকে আউট করে শুরু করেছিলেন তিনি। তবে টি-টোয়েন্টিতে তাইজুলের ক্যারিয়ারের একমাত্র উইকেটও কিন্তু ওটাই! এরপর আর এই সংস্করণে সাফল্যের দেখা পাননি তিনি।
বিরাট কোহলির সেই ‘অবিশ্বাস্য’ রেকর্ড
ইতিহাসে এ পর্যন্ত ২৯ জন বোলার প্রথম বলে উইকেট পেলেও সবার চেয়ে আলাদা হয়ে আছেন বিরাট কোহলি। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে কোনো বৈধ ডেলিভারি করার আগেই উইকেট পেয়েছিলেন তিনি! কেভিন পিটারসেনকে করা তাঁর প্রথম বলটি ছিল ‘ওয়াইড’। সেই ওয়াইড বলেই পিটারসেন স্টাম্পড হওয়ায় ইতিহাসের একমাত্র বোলার হিসেবে ‘শূন্য’ বলে উইকেটের মালিক হন এই ভারতীয় কিংবদন্তি।
প্রথম বলে উইকেট শিকারিদের কিছু তথ্য
প্রথম কীর্তি: ২০০৫ সালে ক্রিকেটের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টিতেই প্রথম বলে উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্যাসপ্রোভিচ।
হ্যাটট্রিকের খুব কাছে: ক্যাসপ্রোভিচ ও ফার্গুসন দুজনেই প্রথম দুই বলেই উইকেট নিয়েছিলেন। তবে হ্যাটট্রিক আর হয়নি।
শন টেইট: বাংলাদেশের বর্তমান বোলিং কোচও ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়ার এই বিরল তালিকায় নিজের নাম লিখিয়েছিলেন।

