পাকিস্তান ক্রিকেট টিমের খেলার দৃশ্য।পাকিস্তানের টেস্ট ম্যাচের দৃশ্য। ফাইল ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ২০২৫-২৭ চক্রের গুরুত্বপূর্ণ মিশনে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ রোববার সকালে প্রথম দফায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলের বেশ কয়েকজন সদস্য। শান মাসুদের নেতৃত্বে এই সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। ৮ মে মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ শুরু হবে সিরিজের প্রথম লড়াই।

পিএসএল ফাইনালের ব্যস্ততা চুকিয়ে বাকি সদস্যরাও দ্রুতই যোগ দেবেন শান মাসুদের দলের সাথে।

তারুণ্য ও অভিজ্ঞতার পাকিস্তান

পিসিবি ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে এবার বড় চমক চার নবাগত। আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি—এই চার তরুণকে প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে পরখ করে দেখতে চায় পাকিস্তান। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞদের পাশাপাশি এই তরুণদের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে পাকিস্তানের জয়-পরাজয়।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে ৪ নতুন মুখ, খেলা হবে ঢাকা ও সিলেটে

সিরিজের সূচি ও ভেন্যু

সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে আগামী ৮ মে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দুই দল পাড়ি জমাবে চায়ের দেশ সিলেটে। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ফয়সালা হবে।

পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।