শঙ্কা কাটিয়ে অবশেষে আগামীকাল সোমবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। মাসখানেক আগেও যে লিগের ভাগ্য ঝুলে ছিল, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের একক প্রচেষ্টায় তা এখন বাস্তব। কেবল লিগ আয়োজনই নয়, ৫ কোটি টাকার বিশাল বাজেট আর ১১ দিনে ১১ রাউন্ড শেষ করার এক মহাযজ্ঞ নিয়ে ফিরছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর।
১১ দিনে ১১ রাউন্ড: বৃষ্টির সাথে পাল্লা
সচরাচর এক রাউন্ড শেষ করতে দুদিন লাগলেও এবার প্রতিদিন ৬টি মাঠে একযোগে ম্যাচ হবে। ফলে ১১ দিনে লিগ পর্ব শেষ করার লক্ষ্য নিয়েছে সিসিডিএম। বৃষ্টির মৌসুম হওয়ায় প্রতি ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। দ্রুত লিগ শেষ করার চাপে এবার থাকছে না কোনো সুপার লিগ কিংবা রেলিগেশন। অর্থাৎ, পয়েন্ট টেবিলের শীর্ষ দলই সরাসরি চ্যাম্পিয়ন হবে।
নতুন ৪ ভেন্যুর অভিষেক
বিকেএসপির চিরচেনা দুই মাঠের বাইরে এবার লিস্ট-এ ম্যাচের স্বাদ পেতে যাচ্ছে আরও চারটি ভেন্যু। পিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি, বসুন্ধরা এবং ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে এবারই প্রথম ডিপিএলের অফিসিয়াল ম্যাচ গড়াবে। এই ৪টি মাঠের জন্য বিসিবিকে প্রতি রাউন্ডে গুনতে হচ্ছে ১১ লাখ টাকা ভাড়া।
আরও পড়ুন:
ডিপিএল ২০২৬: সুপার লিগ বাতিল, রেলিগেশনে পরিবর্তন
বিসিবির ৫ কোটির খরচ: কারণ কী?
স্পন্সর হিসেবে ওয়ালটন ও বসুন্ধরা সিমেন্ট পাশে থাকলেও বিসিবির কোষাগার থেকে খরচ হচ্ছে প্রায় ৫ কোটি টাকা। এর বড় কারণ খাবারের মানোন্নয়ন ও নিরাপত্তা। দলগুলোর খাবারের দায়িত্ব বিসিবি নেওয়ায় খরচের খাত বড় হয়েছে। এছাড়া ৬টি ভেন্যুর প্রতিটিতে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স রাখার ব্যয়বহুল সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল, যা অতীতে কোনো ডিপিএলে দেখা যায়নি।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স
মাঠের খেলা শুরুর আগেই শনিবার ক্রিকেটার ও ম্যানেজমেন্টকে নিয়ে কর্মশালা করেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ (ACU)। ড্রেসিংরুমে ফোন নিষিদ্ধ করার পাশাপাশি এবার প্রতি ভেন্যুতে আকু কর্মকর্তাদের সতর্ক নজরদারি থাকবে। গত কয়েক মাসের স্থবিরতা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটকে একটি স্বচ্ছ ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানোই এখন তামিমের প্রধান লক্ষ্য।
একনজরে ডিপিএল ২০২৬
শুরু: ৪ মে (সোমবার)
ভেন্যু: ৬টি (বিকেএসপি-২টি, পিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি, বসুন্ধরা ও ইউল্যাব)।
বাজেট: প্রায় ৫ কোটি টাকা।
বিদেশি খেলোয়াড়: নেই।
আরও পড়ুন:
ডিপিএলে ভাত-ভর্তার দিন শেষ: তামিমের কড়াকড়ি, ফোন নিষিদ্ধ

