আইপিএলের অন্যতম জনপ্রিয় দল রাজস্থান রয়্যালসের মালিকানায় বড় পরিবর্তন এসেছে। মার্কিন কনসোর্টিয়াম কাল সোমানি-রব ওয়ালটনরা এই দৌড় থেকে ছিটকে যাওয়ার পর শেষ পর্যন্ত ভারতীয় স্টিল টাইকুন লক্ষ্মী এন মিত্তাল, তাঁর ছেলে আদিত্য মিত্তাল এবং সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা দলটির সিংহভাগ শেয়ার কিনে নিয়েছেন।
মালিকানার বিন্যাস ও অর্থের অঙ্ক
বিবৃতি অনুযায়ী, ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই মালিকানা হস্তান্তর হচ্ছে। এর মধ্যে মিত্তাল পরিবার রাজস্থান রয়্যালসের প্রায় ৭৫ শতাংশ শেয়ারের মালিক হবে। আদর পুনাওয়ালা পাবেন ১৮ শতাংশ শেয়ার। অবশিষ্ট ৭ শতাংশ শেয়ার থাকবে সাবেক প্রধান মালিক মনোজ বাদালেসহ বর্তমান বিনিয়োগকারীদের হাতে।
এই চুক্তির আওতায় শুধুমাত্র আইপিএলের রাজস্থান রয়্যালস নয়, দক্ষিণ আফ্রিকার ‘পার্ল রয়্যালস’ এবং ক্যারিবিয়ান লিগের ‘বার্বাডোজ রয়্যালস’-এর মালিকানাও এই কনসোর্টিয়ামের অধীনে যাচ্ছে।
কেন মিত্তাল পরিবারের এই বিনিয়োগ?
লক্ষ্মী এন মিত্তালের জন্ম রাজস্থানের সাদুলপুরে। নিজের শেকড়ের প্রতি টানেই এই বিনিয়োগ করেছেন বলে জানান তিনি। মিত্তাল বলেন, “আমি ক্রিকেট ভালোবাসি এবং আমার পরিবার রাজস্থানের। তাই আইপিএলে রাজস্থান রয়্যালসের চেয়ে ভালো কোনো দল আমার জন্য হতে পারত না।”
অন্যদিকে, ইতিপূর্বে আরসিবি (RCB) কেনার লড়াইয়ে থাকা আদর পুনাওয়ালা এই নতুন পথচলায় আদিত্য মিত্তালের অংশীদার হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
রাজস্থানের লোভে লাহোরকে ‘ধোঁকা’ দিয়ে নিষিদ্ধ শানাকা
বোর্ড পুনর্গঠন ও প্রক্রিয়া
পুনর্গঠিত রাজস্থান রয়্যালস বোর্ডে থাকছেন লক্ষ্মী এন মিত্তাল, আদিত্য মিত্তাল, ভানিশা মিত্তাল-ভাটিয়া, আদর পুনাওয়ালা এবং মনোজ বাদালে। বাদালে নতুন ও পুরোনো মালিকানার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন।
বিসিসিআই (BCCI), সিসিআই (CCI) এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (Q3) এই চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে কাল সোমানির নেতৃত্বাধীন একটি মার্কিন কনসোর্টিয়াম ১.৬৩ বিলিয়ন ডলারের প্রস্তাব দিলেও তহবিল সংগ্রহ ও আইনি জটিলতায় তা বাতিল হয়ে যায়।

