মাঠে নিজের সেরা ছন্দ ফিরে পাওয়া এবং ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে যখন নেইমার ব্যস্ত, ঠিক তখনই মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিতর্কের মুখে পড়েছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। শৈশবের ক্লাব সান্তোসের অনুশীলনে সতীর্থ রবিনহো জুনিয়রকে (প্রাক্তন তারকা রবিনিওর ছেলে) মারধর করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।
অনুশীলনে ঠিক কী ঘটেছিল?
সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, গত ৩ মে (রোববার) সান্তোসের ‘সিটি রেই পেলে’ প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলনের সময় এই তিক্ত ঘটনার সূত্রপাত। ১৮ বছর বয়সী তরুণ প্রতিভা রবিনহো জুনিয়র ড্রিবলিং করে নেইমারকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছিলেন।
অভিযোগ উঠেছে, এটি সহজভাবে নিতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। তিনি রাগের মাথায় প্রথমে রবিনহো জুনিয়রকে ল্যাং মেরে ফেলে দেন এবং এরপর সতীর্থদের সামনেই তাকে চড় মারেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন উপস্থিত খেলোয়াড়রা। পরে সতীর্থরা এসে তাঁদের দুজনকে আলাদা করেন।
আরও পড়ুন:
গোল করলেন নেইমার, রেটিং ৮.৬! এরপরও জড়ালেন বাজে ঘটনায়
তদন্তে সান্তোস ও রবিনহোর জুনিয়রের অভিযোগ
সান্তোস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, “গত রোববার অনুশীলনের সময় নেইমার জুনিয়র ও রবিনহো জুনিয়রের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি বিশ্লেষণ করতে তাৎক্ষণিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ক্লাবের আইন বিভাগ এই তদন্ত পরিচালনার দায়িত্ব পেয়েছে।”
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’ জানিয়েছে, ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি গুরুতর অভিযোগ এনেছেন:
১. অশালীন ভাষায় গালিগালাজ করা।
২. পা দিয়ে ল্যাং মেরে ফেলে দেওয়া।
৩. মুখে সজোরে চড় মারা।
রবিনহো জুনিয়র ক্লাবে ‘ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার অভাব’ দাবি করে তাঁর চুক্তি বাতিলের আবেদন জানিয়েছেন এবং অনুশীলনের ভিডিও ফুটেজ প্রকাশের দাবি তুলেছেন।
তদন্তের নেইমার দোষী সাব্যস্ত হলে বড় শাস্তির মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
নেইমারের অবস্থান
নেইমারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে কিছু সূত্র জানিয়েছে, নেইমার পরে ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়রকে ফোন করে এবং তাঁর পরিবারের কাছে মেসেজ পাঠিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছেন।
উল্লেখ্য, রবিনহো জুনিয়রের বাবা রবিনহোর সাথে নেইমার এক সময় ব্রাজিল জাতীয় দলে খেলেছেন।
চোটের কারণে চলতি মৌসুমে সান্তোসের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার (১১ ম্যাচে ৪ গোল)। এর মধ্যে সতীর্থের ওপর চড়াও হওয়ার এই ঘটনা তাঁর ক্যারিয়ার এবং ভাবমূর্তিকে নতুন করে সংকটের মুখে ফেলেছে।
আরও পড়ুন:
নেইমার কি বাতিলের খাতায়? হাল্কের মন্তব্য ঘিরে রহস্য ঘনীভূত!

