বার্সেলোনার জার্সিতে স্ট্রাইকার হামজা আবদেলকরিম।বার্সেলোনা স্ট্রাইকার হামজা আবদেলকরিমকে নিয়ে উচ্ছ্বসিত। ছবি: বার্সা

ফুটবল বিশ্বে যখনই কোনো নতুন প্রতিভার উদয় হয়, তখুনি অবধারিতভাবে চলে আসে তুলনা। কখনো ‘নতুন মেসি’, কখনো ‘নতুন ম্যারাডোনা’। তবে বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী স্ট্রাইকার আর্লিং হালান্ডের দাপটের যুগে এবার শোনা যাচ্ছে এক ‘নতুন হালান্ড’–এর আগমনী বার্তা। আরও বিস্ময়কর ব্যাপার হলো, এই তরুণের নাম হামজা।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে ‘হামজা’ নামটি এক মহাতারকার সমার্থক। লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরী যেখানে লাল-সবুজের ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয়, সেখানে এবার বার্সেলোনার জার্সিতে আরেক হামজার উত্থান ফুটবল বিশ্বে নতুন রোমাঞ্চ তৈরি করেছে।

ইজিপশিয়ান হালান্ড ও বার্সার নীল-নকশা

লিভারপুল কিংবদন্তি মোহাম্মদ সালাহর দেশ মিসর থেকে উঠে আসা এই বিস্ময় বালকের পুরো নাম হামজা আবদেলকরিম। ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়া’র অনূর্ধ্ব-১৯ (জুভেনিল এ) দলে খেলছেন। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই দীর্ঘদেহী স্ট্রাইকারকে তাঁর খেলার ধরণ এবং বক্সের ভেতর খুনে মেজাজের কারণে এরই মধ্যে ‘ইজিপশিয়ান হালান্ড’ খেতাব দিয়েছেন ফুটবল বিশ্লেষকরা।

রোববার স্প্যানিশ ইয়ুথ অনার ডিভিশনে মন্টে কার্লোর বিপক্ষে বার্সেলোনার ৯-০ গোলের বিশাল জয়ের নায়ক ছিলেন এই হামজা। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।

আরও বিস্ময়কর তথ্য হলো, তাঁর তিনটি গোলই এসেছে চমৎকার সব হেডার থেকে। আধুনিক ফুটবলে আর্লিং হালান্ড যেভাবে তাঁর শারীরিক উচ্চতা ও হেড করার ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ লণ্ডভণ্ড করেন, হামজা আবদেলকরিমের মাঝেও ঠিক সেই ছায়া দেখছে বার্সা কর্তৃপক্ষ।

আরও পড়ুন:
শেষের ঝড়ে জয় পেল বার্সেলোনা

চুক্তি ও ভবিষ্যতের পরিকল্পনা

এ বছরের ১ ফেব্রুয়ারি মিসরের ক্লাব আল আহলি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন হামজা। শুরুতে প্রশাসনিক জটিলতা এবং চোটের কারণে মাঠে নামতে কিছুটা দেরি হলেও, সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি। বার্সার বয়সভিত্তিক দলের হয়ে এখন পর্যন্ত তিনি চারটি গোল করেছেন, যার প্রতিটিই এসেছে হেড থেকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ জানিয়েছে, হামজার পারফরম্যান্সে বার্সার কোচিং স্টাফরা এতটাই মুগ্ধ যে, তারা এখনই তাঁর ‘বাই-আউট ক্লজ’ সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। ধার মেপে নেওয়া এই খেলোয়াড়কে স্থায়ীভাবে কিনতে বার্সেলোনা আল আহলিকে ১৫ থেকে ২০ লাখ ইউরো প্রদান করবে। এছাড়া চুক্তিতে আরও ৫০ লাখ ইউরোর পারফরম্যান্স বোনাস এবং ১৫ শতাংশ সেল-অন ক্লজ রাখা হয়েছে।

লেভানডোভস্কির উত্তরসূরি?

বার্সেলোনার মূল দলে বর্তমানে নাম্বার নাইন হিসেবে খেলছেন রবার্ট লেভানডোভস্কি। তবে তাঁর বয়স এবং চুক্তির মেয়াদের কথা চিন্তা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় একজন ক্লাসিক স্ট্রাইকার খুঁজছে কাতালান ক্লাবটি।

হামজা আবদেলকরিম মূলত বাঁ পায়ের ফুটবলার হলেও বক্সের ভেতর তাঁর ফিনিশিং দক্ষতা এবং এরিয়াল বল দখলের ক্ষমতা তাঁকে বার্সার মূল দলের ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা করে দিয়েছে। আগামী মৌসুমে তাঁকে ‘বার্সা অ্যাথলেটিক’ বা বি-দলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে ক্লাবটির।

আরও পড়ুন:
বার্সেলোনায় লেভানডোভস্কির বিদায়ের সুর!

বিশ্ব ফুটবলে যখনই কোনো ‘হামজা’ আলোচনায় আসবে, বাংলাদেশের মানুষের মনে তখন ভেসে ওঠবে হামজা চৌধুরীর মুখ। লেস্টার সিটির এই মিডফিল্ডার যেমন ব্রিটিশ ফুটবল থেকে বাংলাদেশের ফুটবলের পরিচিতি বিশ্ব দরবারে বাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনি বার্সেলোনার এই ‘ইজিপশিয়ান হালান্ড’ খ্যাত হামজা আবদেলকরিম হয়তো আগামীর বিশ্ব ফুটবলের নতুন রাজা হয়ে উঠবেন।