দীর্ঘ প্রতীক্ষার পর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের; পাকিস্তান অধিনায়ক শান মাসুদের আমন্ত্রণে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। তবে ম্যাচের শুরুতেই স্বস্তির বদলে অস্বস্তি সঙ্গী হয়েছে টাইগার শিবিরে। ওপেনার মাহমুদুল হাসান জয় জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ফিরে গেছেন সাদমান ইসলামও।
সুযোগ হাতছাড়া জয়ের
ইনিংসের শুরু থেকেই পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির সুইং সামলাতে হিমশিম খাচ্ছিলেন জয়। ব্যক্তিগত ৪ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়েও আব্দুল্লাহ ফাজালের কল্যাণে বেঁচে যান তিনি। কিন্তু সেই ‘লাইফ’ কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেননি এই তরুণ ওপেনার।
জীবন পাওয়ার পরের ওভারেই আফ্রিদির অফ স্টাম্পের বাইরের বলে অহেতুক পা বাড়িয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। বল ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ১৯ বলে মাত্র ৮ রান করেই সাজঘরে ফেরেন তিনি।
আরও পড়ুন:
বাংলাদেশের ‘অস্ত্র’ গতি, প্রতিশোধে মন নেই পাকিস্তানের!
ফিরে গেলেন সাদমানও
একাদশ ওভারে বোলিংয়ে এলেন পেসার হাসান আলী। এই বোলিং পরিবর্তনের ফল পেলেন পাক অধিনায়ক শান মাসুদ। ফিরে গেলেন সাদমান ইসলাম।
স্টাম্পে থাকা বল খানিকটা বেরিয়ে যাচ্ছিল মুভ করে। তাতেই ব্যাট লাগিয়ে স্লিপে সালমান আলী আগার হাতে ক্যাচ দিয়েছেন সাদমান। ফেরার আগে ৩০ বলে করেছেন ১৩ রান।
একাদশ সমীকরণ: ৫ বোলার নিয়ে বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রথম জয়ের খোঁজে মরিয়া বাংলাদেশ আজ শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে মাঠে নেমেছে। ঘরের মাঠে সাধারণত স্পিননির্ভর দল সাজালেও এবার তিন পেসার—নাহিদ রানা, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের দুই অভিষেক
অন্যদিকে, পাকিস্তান তাদের একাদশে চমক এনেছে দুই নতুন ব্যাটার আব্দুল্লাহ ফাজাল ও আজান আওয়াইসকে অভিষেক করিয়ে। এছাড়া দীর্ঘ বিরতির পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। শাহিন আফ্রিদি ও হাসান আলির সঙ্গে আব্বাসের অন্তর্ভুক্তি পাকিস্তানের পেস আক্রমণকে বেশ শক্তিশালী করেছে।
ম্যাচ পরিস্থিতি
প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে। মিরপুরের সবুজ উইকেটে পাকিস্তানি পেসারদের তোপ সামলে বড় সংগ্রহের ভিত গড়াই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।

