বোলিং অ্যাকশনে পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট পূর্ণ করেছেন শাহীন শাহ আফ্রিদি।

ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি অম্লমধুর কাটল পাকিস্তানের জন্য। একদিকে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুর হকের বড় ইনিংসে বাংলাদেশ যখন বড় সংগ্রহের পথে, অন্যদিকে বল হাতে ইতিহাস গড়েছেন শাহীন শাহ আফ্রিদি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ইতিহাসে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন ২৬ বছর বয়সী এই পেসার।

জয়ের উইকেটে মাইলফলক স্পর্শ

ম্যাচের শুরুতেই বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়কে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন শাহীন। জয়ের সেই উইকেটটি নেওয়ার মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের ১০০তম শিকার পূর্ণ করেন তিনি। এই অর্জনের মাধ্যমে বিশ্বের মাত্র ১৯তম বোলার হিসেবে ডব্লিউটিসিতে শত উইকেটের অভিজাত ক্লাবে নাম লেখালেন এই বাঁহাতি গতি তারকা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে পাকিস্তানের হয়ে উইকেটের সেঞ্চুরি করা এখন পর্যন্ত একমাত্র বোলার শাহীন। তাঁর ধারেকাছে থাকা বাকি বোলারদের মধ্যে নোমান আলী নিয়েছেন ৯০টি উইকেট।

এছাড়া সাজিদ খান ৬৩টি এবং নাসিম শাহ ৬০টি উইকেট নিয়ে তালিকার পরের দিকে রয়েছেন। শাহীনের এই রেকর্ড প্রমাণ করে যে, গত কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বোলিং আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন তিনি।

আরও পড়ুন:
ফাইনালে চোখ রেখে বাংলাদেশে লড়বে পাকিস্তান

চালকের আসনে বাংলাদেশ

শাহিন শাহ আফ্রিদি ব্যক্তিগতভাবে সফল হলেও প্রথম দিন শেষে দলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়া ১০১ রানের ইনিংস এবং মুমিনুল হকের লড়াকু ৯১ রানে ভর করে বড় সংগ্রহের ভিত পেয়েছে টাইগাররা। প্রতিবেদন লেখা অবধি বাংলাদেশের রান ৩০০ ছাড়িয়ে গেছে।

পাকিস্তানের বোলারদের মধ্যে শাহীন শুরুর ব্রেক-থ্রু এনে দিলেও বাকি সময় শান্ত-মুমিনুলদের দাপটই ছিল চোখে পড়ার মতো। এখন দেখার বিষয়, দ্বিতীয় দিনে শাহীন তাঁর উইকেটের সংখ্যা আরও বাড়িয়ে নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরাতে পারেন কি না।