ফ্রান্সের বিশ্বকাপ ২০২৬ স্কোয়াডে জায়গা হয়নি কামাভিঙ্গার।ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি কামাভিঙ্গার। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। বিশ্বজয়ের এই মহাযজ্ঞকে সামনে রেখে গত রাতে ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তবে এই দলে সবচেয়ে বড় চমক রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গার অনুপস্থিতি। গত বিশ্বকাপের ফাইনাল খেলা এই মিডফিল্ডারকে ছাড়াই এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামছে ‘লে ব্লুজ’রা।

কেন নেই কামাভিঙ্গা? দেশমের ব্যাখ্যা

কামাভিঙ্গার মতো প্রতিভাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। তবে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন দেশম।

তাঁর মতে, ইনজুরি এবং রিয়াল মাদ্রিদে অনিয়মিত খেলার কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। দেশম বলেন, “কামাভিঙ্গার জন্য এটি একটি কঠিন মৌসুম ছিল। সে মাঠে খুব কম সময় পেয়েছে এবং চোটেও ভুগেছে। আমাদের দলের রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণের ভারসাম্যের কথা ভেবেই কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।” কামাভিঙ্গার হতাশাকে অনুভব করতে পারলেও দলের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন ফরাসি এই মাস্টারমাইন্ড।

আরও পড়ুন:
এমবাপ্পের ৪০০, বিশ্বকাপে ফ্রান্স

ঝরলেন মুয়ানি ও শেভালিয়ের, সুযোগ পেলেন রিসার

দলে জায়গা হারিয়েছেন গত বিশ্বকাপের ফাইনালে সেই নাটকীয় সুযোগ মিস করা রানদাল কোলো মুয়ানি। তাঁর বদলে ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জাঁ-ফিলিপ মাতেতাকে অন্তর্ভুক্ত করেছেন দেশম। এছাড়া পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়েরও বাদ পড়েছেন, যার জায়গা নিয়েছেন লাঁসের হয়ে মৌসুমসেরা গোলরক্ষকের পুরস্কার জেতা রবিন রিসার। লিগ আঁ-র সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েও দলে জায়গা হয়নি ফ্লোরিয়ান থাউভিনের।

তারকাসমৃদ্ধ আক্রমণভাগ

কামাভিঙ্গা না থাকলেও ফ্রান্সের আক্রমণভাগ এবারও বিশ্বসেরা। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে থাকছেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে।

এছাড়া মাইকেল ওলিসে, রায়ান চেরকি এবং তরুণ তুর্কি দেজিরে দুয়ের মতো প্রতিভারা আক্রমণভাগকে করেছেন ঈর্ষণীয়। ২০১৮ বিশ্বকাপজয়ী দল থেকে এমবাপ্পে ও দেম্বেলের পাশাপাশি এনগোলো কান্তে ও লুকাস হার্নান্দেজ টিকে আছেন বর্তমান স্কোয়াডে।

দেশমের শেষ লড়াই

২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্ব সামলানো দিদিয়ের দেশমের এটাই শেষ টুর্নামেন্ট। বিশ্বকাপ শেষেই তিনি বিদায় নেবেন।

নিজের শেষ মিশনে নামার আগে দেশম বলেন, “আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখি, তবে বিনয় হারানো চলবে না। শুধু মুখে সেরা না বলে আমাদের মাঠে সেটা প্রমাণ করতে হবে।”

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক (২২ জুন) ও নরওয়ে (২৬ জুন)।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড

গোলরক্ষক: মাইক মাইনিয়ঁ, ব্রিস সাম্বা, রবিন রিসার।

রক্ষণভাগ: লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মিডফিল্ডার: এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন জায়ারে-এমেরি।

আক্রমণভাগ: কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, দেজিরে দুয়ে, ম্যাগনেস আকালিউশ ও মার্কোস থুরাম।

আরও পড়ুন:
জিরু ও অঁরিকে টপকে ফ্রান্সের শীর্ষে ওঠছেন এমবাপ্পে!