ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপ্পে।ফ্রান্সের শীর্ষ গোলদাতা হওয়ার পথে এমবাপ্পে। ছবি: গেটি ইমেজেস

বয়স মাত্র ২৬। কিন্তু এই বয়সেই গোলের পর গোল করে রেকর্ড গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার ক্লাব ও দেশের জার্সিতে তার গোল হয়ে গেলে ঠিক ৪০০! এমবাপ্পের এই আনন্দক্ষণে ফ্রান্স ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউক্রেনকে। নিশ্চিত করেছে আগামী বিশ্বকাপে খেলা।

ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি কেউই ২৬ বছর বয়সে ৪০০ গোল করতে পারেননি।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ জানাচ্ছে, ২৬ বছর বয়সে ৪৭১ ম্যাচ খেলে রোনালদো করেছিলেন ২১৩ গোল। একই বয়সে মেসির গোলসংখ্যা ছিল ৪৬১ ম্যাচে ৩৪৮টি।

অথচ এমবাপ্পে এই বয়সে ৫৩৭ ম্যাচে ৪০০ গোল করে বসেছেন!

কাল রাতে পার্ক দে প্রিন্সেসে বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেনের বিপক্ষে খেলতে নামে ফ্রান্স। ম্যাচটি ৪-০ গোলে জিতে নেয় তারা। এই জয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো গেল আসরের রানার্সআপরা।

ম্যাচের ৫৫ ও ৮৩ মিনিটে জোড়া গোল করেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৪০০ হয়ে গেছে এই ফরোয়ার্ডের। ম্যাচে ফ্রান্সের হয়ে অন্য দুটি গোল মাইকেল ওলিসে ও হুগো একিতেকের।

এমবাপ্পে প্রথম গোলটি করেন ‘পানেনকা’ পেনাল্টি শটে। পরেরটি করেন চিপ করে। এ মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে ২০ ম্যাচে ২৩ গোল হয়ে তার।

ম্যাচ শেষে ফ্রান্সের টিভি নেটওয়ার্ক ‘টিএফ১’কে এমবাপ্পে বলেন, ‘৪০০….লোকে এটায় প্রভাবিত হয় না। মানুষকে চমকে দিতে হলে আরও ৪০০ গোল করতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদোর ১০০০ গোল? অবাস্তব বিষয়। কিন্তু সেটিই চেষ্টা করে দেখা যাক। এই চেষ্টাটা করতে হবে, একটাই ক্যারিয়ার!’

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখণ শীর্ষে ফ্রান্স। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আইসল্যান্ড। কাল রাতে আইসল্যান্ড ২-০ গোলে হারায় আজারবাইজানকে।

এদিকে, ‘আই’ গ্রুপে স্বাগতিক মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে আগেই প্লে অফ নিশ্চিত করা ইতালি। জিয়ানলুকা মানচিনি ও পিও এসপিসোতো ইতালির হয়ে গোল দুটি করেন। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় ইতালি।

সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা নরওয়ে কাল রাতে এস্তোনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে। জোড়া গোল করেন নরওয়ে স্ট্রাইকার আর্লিং হলান্ড। এর মধ্য দিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে নরওয়ের। গোল ব্যবধানে ইতালির (‍+১২) চেয়ে অনেক এগিয়ে নরওয়ে (‍+২৯)।

আগামী রোববার মিলানে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে নরওয়ে ও ইতালি।

কাল রাতে জয় পেয়েছে ইংল্যান্ডও। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। ইংল্যান্ড অবশ্য আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এদিকে, আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গ্যাবনের বিপক্ষে নাইজেরিয়া জিতেছে ৪-১ গোলে। জোড়া গোল করেন তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। অন্য ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারায় গণপ্রজাতন্ত্রী কঙ্গো।

আগামী রোববার কঙ্গোর বিপক্ষে খেলবে নাইজেরিয়া। এ ম্যাচে জয়ী দল আগামী মার্চে অনুষ্ঠিতব্য প্লে অফে খেলার সুযোগ পাবে।