বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচের দৃশ্য।ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে মুখোমুখি বসুন্ধরা কিংস ও মোহামেডান।

ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের ভেন্যু বিতর্ক এবার নজিরবিহীন সংকটে রূপ নিয়েছে। কিংস অ্যারেনায় খেলতে মোহামেডানের আপত্তির জেরে দীর্ঘ টানাপোড়েনের পর নাটকীয় এক সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি পাঠিয়েছে ক্লাবটি। বর্তমান চ্যাম্পিয়নরা কেবল ম্যাচ বর্জনই করেনি, বরং লড়াই ছাড়াই প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সরাসরি বিজয়ী ঘোষণা করে ট্রফি ও মেডেল বুঝিয়ে দেওয়ার জন্য বাফুফের কাছে দাবি জানিয়েছে।

কিংসের মুখ ফিরিয়ে নেওয়া

আজ মঙ্গলবার কিংস অ্যারেনায় ঘরোয়া ফুটবলের এই দুই পরাশক্তির মেগা ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল।

কিন্তু ভেন্যু নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে গতকাল বাফুফে সভাপতির মধ্যস্থতার পরও কোনো সমাধান আসেনি। এর রেশ ধরেই আজ বাফুফের সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিক চিঠি দেয় কিংস কর্তৃপক্ষ। ক্লাবটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিকের সই করা ওই চিঠিতে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফের অদূরদর্শিতা এবং ম্যাচ আয়োজন নিয়ে তাদের প্রশ্নবিদ্ধ অবস্থানের তীব্র সমালোচনা করা হয়।

কিংসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, মাঠের ট্রফির চেয়ে তারা ক্লাবের আত্মসম্মানকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্টের সেই মর্যাদা আর অবশিষ্ট নেই বলেই তারা ফাইনাল বাতিল করে প্রতিপক্ষকে মেডেল দেওয়ার অনুরোধ করেছে।

আরও পড়ুন:
রহমতগঞ্জকে ৩ গোল দিল মোহামেডান, বসুন্ধরার কাছে ৪ গোল খেল ব্রাদার্স

ভেন্যু দ্বন্দ্বে ফুটবল ইকোসিস্টেম প্রশ্নবিদ্ধ

চলতি ২০২৫-২৬ মৌসুমে মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে একাধিক ম্যাচ (চ্যালেঞ্জ কাপ ও বিএফএল) খেলেছে কিংস।

চিঠিতে সেই প্রসঙ্গ টেনে বর্তমান চ্যাম্পিয়নরা মনে করিয়ে দেয়, কুমিল্লার মাঠে সুযোগ-সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা কিংবা দর্শক ব্যবস্থাপনায় ঘাটতি থাকা সত্ত্বেও দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে তারা কোনো আপত্তি তোলেনি। অথচ নিজেদের ভেন্যুতে ফাইনাল আয়োজন নিয়ে মোহামেডানের জেদ এবং তা সামাল দিতে বাফুফের ব্যর্থতা পুরো ঘরোয়া ফুটবলের কাঠামোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে বাফুফেকে চিঠি দিয়ে কিংস অ্যারেনায় খেলতে অনীহা প্রকাশ করেছিল সাদা-কালো শিবির। গতকালের বৈঠকেও তারা সেই সিদ্ধান্তে অনড় থাকে।

আরও পড়ুন:
নিঃসঙ্গতা পেরিয়ে মোহামেডানে সুবাস ছড়াচ্ছেন সৌরভ দেওয়ান