টেনিস বিশ্বের জন্য এক বড় ধাক্কা! ডান হাতের কবজির চোটের কারণে আসন্ন উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দুই বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। গত মাসে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে পাওয়া এই ইনজুরির কারণে ইতিমধ্যেই ক্লে-কোর্টের মেগা ইভেন্ট ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। এবার গ্রাস-কোর্টের মৌসুম থেকেও ছিটকে গেলেন ২৩ বছর বয়সী এই তারকা।
সোশ্যাল মিডিয়ায় আলকারাজের হতাশা
আজ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বার্তায় আলকারাজ তাঁর টুর্নামেন্ট মিস করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ের সাবেক এই শীর্ষ তারকা লেখেন, “আমার পুনর্বাসন প্রক্রিয়া বেশ ভালোভাবেই চলছে এবং আমি আগের চেয়ে অনেক সুস্থ বোধ করছি। তবে দুর্ভাগ্যবশত প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার জন্য আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই।”
“আর এই কারণেই কুইন্স ক্লাব ও উইম্বলডনের গ্রাস-কোর্ট টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিতে হচ্ছে।”
উইম্বলডন ও কুইন্স ক্লাবকে নিজের ক্যারিয়ারের দুটি বিশেষ টুর্নামেন্ট উল্লেখ করে আলকারাজ আরও জানান, এই দুটি আসরকে তিনি খুব মিস করবেন। তবে দ্রুততম সময়ে কোর্টে ফেরার জন্য তাঁর লড়াই অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
টেনিস বিশ্বের নতুন সম্রাট আলকারাজ, জোকোভিচ যুগের অবসান?
সিনারের একক আধিপত্য ও র্যাঙ্কিংয়ের হিসাব
বছরের শুরুতে ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ডস্ল্যাম পূর্ণ করেছিলেন আলকারাজ।
কিন্তু চোটের কারণে ক্লে ও গ্রাস-কোর্টের বড় অংশ মিস করায় বড় ধরণের ক্ষতির মুখে পড়ছেন তিনি। বিশেষ করে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ইতালির ইয়ানিক সিনারের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে পড়বেন এই স্প্যানিশ তারকা। গত মাসেই আলকারাজকে টপকে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন সিনের, যিনি সর্বশেষ পাঁচটি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টের তিনটিসহ টানা ছয়টি শিরোপা জিতেছেন।
গত ৯টি গ্র্যান্ডস্ল্যামের সবকটিই ভাগ করে নিয়েছেন আলকারাজ ও সিনার, যার মধ্যে ৫টি আলকারাজের। স্প্যানিশ তারকার অনুপস্থিতি স্বভাবতই সিনারের উইম্বলডন জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। তবে গত কয়েক মাসের টানা খেলার ক্লান্তি কাটাতে উইম্বলডনের আগে কোনো প্রস্তুতিমূলক গ্রাস-কোর্ট টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান।
টেনিসারদের যম ‘কবজির চোট’
টেনিস খেলোয়াড়দের জন্য কবজির চোট সবসময়ই ক্যারিয়ার ধ্বংসাত্মক হিসেবে পরিচিত। এর আগে ডমিনিক থিম এবং হুয়ান মার্টিন দেল পোত্রোর মতো গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকাদের ক্যারিয়ার ওলটপালট করে দিয়েছিল এই কবজির ইনজুরি। আলকারাজও ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা চিন্তা করে কোনো তাড়াহুড়ো করতে চাননি। গত এপ্রিলে লরিয়াস অ্যাওয়ার্ডসে তিনি বলেছিলেন, “সামনে আমার দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। ফ্রেঞ্চ ওপেন বা উইম্বলডনের মতো আসরে জোর করে খেলতে গেলে ভবিষ্যতের বড় ক্ষতি হয়ে যেতে পারত।”
২৯ জুন থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনে আলকারাজ না থাকায় জোড়া গ্র্যান্ডস্ল্যাম জয়ী দানিল মেদভেদেভ কিংবা আগামী শুক্রবার ৩৯ বছরে পা দিতে যাওয়া কিংবদন্তি নোভাক জোকোভিচের সামনে নতুন সুযোগ তৈরি হলো। ৭ বারের উইম্বলডন জয়ী জোকোভিচ নিজের ফিটনেস ধরে রাখতে পারলে আলকারাজহীন ড্র-তে বড় হুমকি হয়ে উঠবেন।
আরও পড়ুন:
অপ্রতিরোধ্য আলকারাজ-সিনার, সামনে জোকোভিচ-জভেরেভ দেওয়াল

