প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেটের মাঠে আজ সফরকারীদের বিপক্ষে ৭৮ রানের রাজকীয় জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ বা ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। টাইগারদের এই অবিস্মরণীয় কীর্তির পর পরই খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এই গৌরবময় অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।
তিনি আরও মনে করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও দৃঢ় আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও অনেক দূর এগিয়ে যাবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচে বাংলাদেশ
সিলেট ও মিরপুর টেস্টের এই জোড়া সাফল্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় ধরনের ওলটপালট করে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পেছনে ফেলে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে অবস্থান করছে টাইগাররা। অন্যদিকে ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পেছনে অর্থাৎ ৬ নম্বরে অবস্থান করছে ভারত।
উল্লেখ্য, মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। আর আজ সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
পাকিস্তানকে হারিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

