বাংলাদেশের জার্সিতে লেস্টার তারকা হামজা চৌধুরী।বাংলাদেশের জার্সিতে লেস্টার তারকা হামজা চৌধুরী। ছবি: ফেসবুক

দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এর জমকালো আসর আজ শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ১৯৬৪ সাল থেকে শুরু হওয়া দেশের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মঞ্চে এবার সব আলো একাই কেড়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। অবশেষে ট্রফি জয়ের হ্যাটট্রিকে বাফুফের এই নতুন পোস্টার বয় নিজের মাথায় পরেছেন অনন্য এক ত্রিমুকুট।

ইংল্যান্ডে অবস্থানের কারণে হামজা আজ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর পক্ষে ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ সম্মাননা ‘স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার’ পুরস্কারটি গ্রহণ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ওই সময় ভিডিও কলে যুক্ত হয়ে হামজা চৌধুরী বলেন, “কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার, এটি পেয়ে আমি গর্বিত। সারা বছর আমাকে ও জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য ভক্ত ও সতীর্থদের ধন্যবাদ।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ঋতুপর্ণা-আমিরুলকে হারিয়ে হামজার ‘ট্রেবল’

বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় হামজার সঙ্গে তীব্র লড়াইয়ে ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং হকি তারকা আমিরুল ইসলাম।

শেষ পর্যন্ত তাঁদের পেছনে ফেলে ২০২৫ সালের সেরা ক্রীড়াবিদের খেতাব জিতে নেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। তাছাড়া ক্রীড়ামোদীদের বিপুল ভোটে তিনি জয় করেছেন ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’ এবং ফুটবলে অনন্য অবদানের জন্য জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও। এই মেগা আসরে এবার মোট ১৬টি বিভাগে ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে।

আরও পড়ুন:
হামজার লেস্টার সিটি: ৮ হাজার কোটির ঋণ, ভবিষ্যৎ বন্ধক রাখা ক্লাব!

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ এবং সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। রাজিব তাঁর বক্তব্যে দেশে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর সকল বিজয়ী

বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানার-আপ), আমিরুল ইসলাম (রানার-আপ)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী।

বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।

বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।

বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।

বর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফ।

বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।

বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার।

উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)।

বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)।

বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)।

বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।

বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।

সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি।

সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

আরও পড়ুন:
এই হামজা বার্সেলোনার! নতুন ‘হালান্ড’ হিসেবে তুলেছেন ঝড়