মোহাম্মদ আশরাফুল এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ। আয়ারল্যান্ড সিরিজের আগে তাকে এই দায়িত্ব দিয়েছে বিসিবি।

আশরাফুলের ব্যাটিং কোচ হওয়ার পর এ নিয়ে কটাক্ষ করেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। রুবেল যেখানে কটাক্ষ করলেন, সেখানে আশরাফুল দেখালেন দায়িত্বশীলতা, করলেন শালীন মন্তব্য।

বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা স্বাগতিকদের বিপক্ষে। এই সিরিজের আগে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ, যিনি মূলত ব্যাটিংটাই দেখতেন, সেই মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। বিসিবি ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দিয়েছে আশরাফুলকে।

আশরাফুলকে মূলত সালাউদ্দিনের পদত্যাগের আগেই দায়িত্ব দেওয়া হয়। এতেই স্পষ্ট হয়ে যায় সালাউদ্দিনের সময় শেষ!

এদিকে, আশরাফুল ব্যাটিংয়ের দায়িত্ব পাওয়ার পর দুটি পোস্ট দিয়ে কটাক্ষ করেন রুবেল হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুকে পেইজে রুবেল লেখেন, ‘দায় মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’

আশরাফুলকে ইঙ্গিত করে তাঁর আরেকটি পোস্ট ছিল এমন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে ‘কোচ’ লেখা মানে দায়িত্ব, গর্ব না।’

আশরাফুলকে নিয়ে পোস্ট করে তোপের মুখে পড়েন রুবেল। কমেন্ট বক্সে তাঁকে ধুয়ে দেয় সাধারণ মানুষ।

দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম বিসিবি অফিসে যান মোহাম্মদ আশরাফুল। পরে সংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে রুবেলের কটাক্ষ নিয়ে প্রশ্ন ওঠে।

কিন্তু আশরাফুলের কণ্ঠে ছিল পরিমিতিবোধ, ‘যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। এটা নিয়ে আমার বলার কিছুই নেই। সে আমার অধীনে খেলেছে। আমি তখন অধিনায়ক ছিলাম। সে মানুষ হিসেবেও ভালো। ওর মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। আপনি সেটাই করতে যান না কেন, চাপ থাকবেই। ভালো ফলাফলের জন্য কাজ করতে গেলে আপনাকে চাপ সহ্য করতেই হবে।’

আশরাফুল ক্রিকেট ক্যারিয়ারে কালো অধ্যায় পার করে এসেছেন। সহ্য করেছেন অনেক চাপ। সেসবের কাছে রুবেলের মন্তব্য তেমন কিছুই বলে মনে হচ্ছে না তার।

আশরাফুল বলেন, ‘আমি যেহেতু ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, তাই অনেক চাপ সহ্য করার অভিজ্ঞতা আছে আমার। আমার লাইফে যে ঘটনা ঘটেছিল সেটা থেকেও কিন্তু ফিরে এসেছি। তাই এটা নিয়ে আসলে আমি এত চিন্তিত না। আমি যেটাই করি, অনেস্টলি করার চেষ্টা করি। আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। এবারও সেটাই চেষ্টা করব।’