আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিবিশ্বকাপজয়ী মেসি। ছবি: গেটি ইমেজেস

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি বিংশ শতাব্দির সবচেয়ে আলোচিত দুই ফুটবল তারকা। তন্মধ্যে মেসি বিশ্বকাপ জিতেছেন, রোনালদো পারেননি। তবে রোনালদোর মতে, বিশ্বকাপ জয়ই সবকিছু নয়। কিন্তু মেসির কাছে, বিশ্বকাপটাই সব!

মেসি বলছেন, নিজের সব ব্যক্তিগত অর্জনের বিনিময়ে হলেও বিশ্বকাপ জিততে চেয়েছিলেন তিনি।

২০০৬ আসর দিয়ে লিওনেল মেসির বিশ্বকাপে অভিষেক। ২০১৪ সালে ফাইনালে খেলেছিলেন। তবে টানা পঞ্চমবারের চেষ্টায় ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করেন, ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে। এরপর তার কাছে ফুটবলে আর চাওয়া-পাওয়ার কিছু নেই বলে মন্তব্য তার।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামে মেসির হাতে ‘শহরের চাবি’ তুলে দেন মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেস।

সেখানেই এক আলাপচারিতায় বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা, অনুভূতি প্রকাশ করেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি দলের অধিনায়ক।

মেসি বলেন, ‘বিশ্বকাপ জয়ের সময় আমার ঠিক সেই অনুভূতি হয়েছিল, যেমনটা হয়েছিল আমার সন্তানদের জন্মের সময়। এটা এমন অনুভূতি, যা ব্যাখ্যা করা কঠিন। খুবই বিশেষ এবং এতটা অসাধারণ যে, আমি যাই বলব কম হয়ে যাবে।’

‘বিশ্বকাপ জেতা চূড়ান্ত অর্জন। বিশ্বকাপের পর একজনের আর চাওয়ার কিছু থাকতে পারে না। সেই মুহূর্তের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগত দিক থেকে, আমার পরিবারের জন্য, সতীর্থদের জন্য এবং দেশের জন্য এই শিরোপা কতখানি, এটা ব্যাখ্যা করার মতো শব্দ খুঁজে পাওয়া ভার। পুরো জাতি যেভাবে উদযাপন করেছে, তাতেই এটা পরিষ্কার।’

মেসি যোগ করেন, ‘এটা ছিল স্পেশাল। আমি সৌভাগ্যবান যে, এর আগেই ক্লাব পর্যায়ে সবকিছু অর্জন করতে পেরেছিলাম। কেবল এই একটা শিরোপার ঘাটতি ছিল। এই ট্রফি দিয়ে আমার পুরো ক্যারিয়ার পূর্ণতা পেয়েছে।’