তিনি ঢাকায় পা রেখেছেন তিন দিন হলো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত শিষ্যদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাননি যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্বকাপ অধিনায়ক থমাস ডুলি। তবে মাঠে নামার আগেই নিজের নতুন দল লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন এই জার্মান-আমেরিকান ট্যাকটিশিয়ান।
আগামীকাল সোমবার থেকে কিংস অ্যারেনায় শুরু হতে যাওয়া সান মারিনো ম্যাচের অফিশিয়াল ক্যাম্পেই ফুটবলারদের সঙ্গে প্রথম পরিচিতি হবে তাঁর।
ম্যাচের আগে সান মারিনোতে সরাসরি যোগ দেবেন তিন হাইপ্রোফাইল প্রবাসী ফুটবলার—হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ।
শিষ্যদের সঙ্গে সরাসরি মোলাকাত না হলেও ডুলি বসে নেই। গত দুই দিনে ঢাকার টিম হোটেল ও বাফুফে ভবনে সহকারী কোচিং স্টাফদের সঙ্গে দুই দফা ম্যারাথন বৈঠকে বসেছিলেন তিনি। যেখানে বাংলাদেশ দলের প্রতিটি ফুটবলারের ব্যক্তিগত খেলার ধরণ, শক্তি ও দুর্বলতার চুলচেরা বিশ্লেষণ করে নিজের ‘হোমওয়ার্ক’ পুরোপুরি সেরে ফেলেছেন এই নতুন মাস্টারমাইন্ড।
সান মারিনো ম্যাচই প্রথম অ্যাসাইনমেন্ট
আজ রবিবার বাফুফে ভবনে জাতীয় দল কমিটির জরুরি সভায় যোগ দেন থমাস ডুলি। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, এই সভায় আগামী ৫ জুনের সান মারিনো ম্যাচের সম্ভাব্য স্কোয়াড, ফর্মেশন, রণকৌশল এবং প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।
ঢাকায় ৬ দিনের নিবিড় অনুশীলন শেষে আগামী ৩১ মে সান মারিনোর উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল।
এই ম্যাচটি দিয়েই হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের ডেরায় ডুলি-যুগের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। ম্যাচের জন্য ইতোমধ্যে ৩২ জনের একটি প্রাথমিক দলও চূড়ান্ত করেছে বাফুফে।
আরও পড়ুন:
থমাস ডুলি বাংলাদেশের ‘স্থায়ী’ কোচ নন, চলছে ‘ট্রায়াল’!
কিংসের ১০ ফুটবলার, ছুটিতে রাকিব
ঘোষিত এই প্রাথমিক স্কোয়াডে ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসেরই আধিপত্য বেশি, সুযোগ পেয়েছেন দলটির ১০ জন ফুটবলার।
তাঁরা হলেন—আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তপু বর্মণ, তাজউদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, ইমন শাহরিয়ার ও ফয়সাল আহমেদ। কিংসের আরেক তারকা উইঙ্গার রাকিব হোসেনের নাম প্রাথমিক দলে থাকলেও, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নেওয়ায় তিনি স্কোয়াড থেকে ছিটকে গেছেন।
অবশ্য সবশেষ সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরমান ফয়সাল ও সুমন রেজা। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে সিঙ্গাপুর ম্যাচে খেলতে না পারা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ সান মারিনো ম্যাচে ফিরছেন। অন্যদিকে, গোলরক্ষক পজিশনে মিতুল মারমা ও সুজন হোসেনের জায়গা পাকা হলেও বাদ পড়তে পারেন মেহেদী হাসান।
আর এই স্কোয়াডে পিডব্লুডি স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মিনহাজুল করিমের মতো নতুন মুখ চমক হিসেবে আসতে পারেন।

