Lionel Messi leaving the field during an MLS match for Inter Miami.বিশ্বকাপের আগে চোটগ্রস্ত মেসি। ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। ঠিক এমন মহূর্তে বড় এক ধাক্কা লেগেছিল আর্জেন্টিনা শিবিরে। বিশ্বমঞ্চে নামার আগে মেজর লিগ সকারের (এমএলএস) শেষ ম্যাচ খেলতে গিয়ে হঠাৎই চোটে পড়েছেন লিওনেল মেসি। ম্যাচের দ্বিতীয় অর্ধে বাঁ ঊরুর অস্বস্তিবোধ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ফুটবল মহাকাব্যের ঠিক আগে মহাতারকার এই চোট কতটা গুরুতর, তা নিয়ে যখন কোটি ভক্তের টানটান উত্তেজনা, তখনই মেসির শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন ইন্টার মায়ামি কোচ গুইলেরমো হোয়োস এবং আর্জেন্টাইন বিশ্বস্ত সাংবাদিক গাস্তন এদুল।

নু স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৬-৪ গোলের এক অবিশ্বাস্য থ্রিলার জয় পায় ইন্টার মায়ামি।

ম্যাচে দুর্দান্ত দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় অবদানও রাখেন মেসি। তবে ১০ গোলের এই রোমাঞ্চকর জয় ম্লান হয়ে যায় ম্যাচের ৭৩তম মিনিটে, যখন বাঁ ঊরুর উপরের অংশে হাত দিয়ে মাঠ ছাড়ার ইশারা দেন মায়ামি অধিনায়ক। নিজেই হেঁটে লকার রুমের দিকে চলে যান তিনি।

ঝুঁকি নেননি মেসি, জানালেন মায়ামি কোচ

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসির চোট নিয়ে কথা বলেন মায়ামি বস গুইলেরমো হোয়োস। মাঠ ভারী থাকার কারণে পূর্বসতর্কতা হিসেবেই আর্জেন্টাইন জাদুকরকে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ।

তিনি বলেন, ‘আমরা এখনও চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট পাইনি, তবে খুব শিগগিরই তা পেয়ে যাব। আসলে সে প্রচণ্ড ক্লান্তিতে ভুগছিল। মাঠ বেশ ভারী ছিল, আর এই বয়সে যখনই সামান্যতম সন্দেহ জাগে, তখন কোনো ধরনের ঝুঁকি না নেওয়াই আমাদের সাধারণ পন্থা। তাই তাকে তুলে নেওয়া হয়।’

আরও পড়ুন:
মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা কবে

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বেশ সতর্ক ৩৮ বছর বয়সী মেসি। হ্যামস্ট্রিং সমস্যার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার সাইডলাইনেও থাকতে হয়েছে তাঁকে। তাই বিশ্বকাপের আগে কোনো বড় বিপদে পড়তে চাননি এলএমটেন (LM10)।

আর্জেন্টাইন ভক্তদের জন্য স্বস্তির খবর

মেসির বিষণ্ণ চেহারায় মাঠ ছাড়া দেখে আলবিসেলেস্তে সমর্থকদের মনে মেঘ জমলেও, আর্জেন্টিনা থেকে আসা প্রথম খবরটি বেশ ইতিবাচক।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর নামী সাংবাদিক গাস্তন এদুল এক্সে (টুইটার) একটি পোস্ট করে ভক্তদের স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন।

গাস্তন এদুল তাঁর পোস্টে স্পষ্ট করে লিখেছেন, ‘লিওনেল মেসি মূলত তাঁর হ্যামস্ট্রিংয়ে কিছুটা টান অনুভব করার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেই বদলি খেলোয়াড় নামানোর অনুরোধ করেছিলেন। তাঁর পেশিতে বড় কোনো ইনজুরি বা চোট নেই। তিনি স্রেফ ওই জায়গার ওপর বাড়তি চাপ দিতে চাননি বা কোনো ঝুঁকি নিতে চাননি।’

১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে ১৬ জুন, কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে। সহকারী কোচ রবার্ট আয়ালা আগেই নিশ্চিত করেছেন যে, মেসিকে রেখেই আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। আর গাস্তন এদুলের এই আশার বাণীতে আপাতত স্বস্তিতে আর্জেন্টিনা শিবির।

আরও পড়ুন:
ইন্টার মায়ামিতে লিওনেল মেসির দ্রুততম সেঞ্চুরি!