আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রতিযোগী দেশগুলো। ব্রাজিলও স্কোয়াড দিয়েছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে এখনই কোনো তাড়াহুড়ো দেখাচ্ছে না। ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রকাশ করার পর এবার মাঠের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আলবিসেলেস্তেদের চূড়ান্ত ২৬ সদস্যের দল কবে নাগাদ আলোর মুখ দেখবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইঙ্গিত মিলেছে একটি নির্দিষ্ট সময়ের।
মেসি ট্রেনিং সেন্টারে প্রাক-বিশ্বকাপ ক্যাম্প
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, আগামী ২৫ মে থেকে বুয়েন্সে আয়ার্সের এজেইজায় অবস্থিত ‘লিওনেল মেসি ট্রেনিং সেন্টারে’ একটি বিশেষ অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রাথমিক তালিকায় থাকা এবং চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা ফুটবলারদের নিয়েই এই ক্যাম্পের পরিকল্পনা করা হয়েছে।
আর এই কারণেই ২৫ মে’র পর যেকোনো মুহূর্তে আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপের শীর্ষ লিগগুলোর (প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ) যেসব খেলোয়াড়ের ক্লাব মৌসুম ২৪ মে শেষ হয়ে যাচ্ছে, তাদের দ্রুততম সময়ে এই ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোচিং স্টাফের মূল লক্ষ্য হলো, মূল বিশ্বকাপ ভেন্যুর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে স্কালোনির অধীনে ফুটবলারদের অন্তত এক সপ্তাহ অনুশীলনের সুযোগ করে দেওয়া।
আরও পড়ুন:
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা: স্কালোনির ৫৫ সদস্যের তালিকায় চমক
কানসাস সিটিতে আর্জেন্টিনার মূল বেস ক্যাম্প
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কানসাস সিটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে একসঙ্গে অনুশীলনে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
টুর্নামেন্ট চলাকালীন কানসাসের ‘কম্পাস মিনারালস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার’-কে নিজেদের প্রধান আস্তানা বা বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আলবিসেলেস্তেরা। স্পোর্টিং কানসাস সিটির এই আধুনিক অনুশীলন কেন্দ্রটি থেকেই পুরো বিশ্বকাপজুড়ে স্কালোনির দল তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে।
বাকি ৪ পজিশন নিয়ে স্কালোনির মধুর সমস্যা
ফিফার নিয়ম অনুযায়ী, আগামী ৩০ মে’র মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে আর্জেন্টিনার। তবে টুর্নামেন্ট শুরুর আগে দলের কেউ ইনজুরিতে পড়লে, এই ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকেই বিকল্প খেলোয়াড় বেছে নিতে হবে। টিওয়াইসি স্পোর্টসের পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, বর্তমান স্কোয়াডের ২২ জন ফুটবলারের নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে।
বাকি ৪টি পজিশনের জন্য স্কালোনি আগামী দিনগুলোতে ফুটবলারদের পারফরম্যান্স আরও গভীরভাবে পর্যবেক্ষণ করবেন।
উল্লেখ্য, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা।
আরও পড়ুন:
স্কালোনির ‘মাস্টারপ্ল্যান’: মেসির নতুন ভূমিকা, আর্জেন্টিনার ‘টোটাল ফুটবল’

