Bangladesh national football team coach Thomas Dooley in Dhaka.বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি।

আগামী ৫ জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে আজ সোমবার (২৫ মে) থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের অফিশিয়াল কন্ডিশনিং ক্যাম্প। নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে আজ বিকেলেই কিংস অ্যারেনায় ফুটবলারদের প্রথম অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এবার আর ডুলি একা নন, তাঁর ছক বাস্তবায়নে লাল-সবুজের ডেরায় যোগ দিয়েছেন এক বিদেশি সহকারী কোচও।

জাতীয় ফুটবল দলে হেড কোচের পাশাপাশি একজন যোগ্য সহকারী কোচ নিয়েও দেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সেই দাবি মিটিয়ে বাংলাদেশ জাতীয় দলের নতুন সহকারী কোচ হিসেবে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) নিয়োগ দিয়েছে ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনোকে।

গতকাল রোববার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি এবং বর্তমানে হেড কোচের সঙ্গেই টিম হোটেলে অবস্থান করছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে টানা চার বছর সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন। ক্যাবরেরার বিদায়ের পর সমর্থকদের জোরালো দাবি ছিল মামুনেরও বিদায় অথবা একজন মানসম্মত বিদেশি সহকারী কোচ আনা।

বাফুফে সূত্র নিশ্চিত করেছে, নতুন হেড কোচ থমাস ডুলির পরামর্শ ও নির্দেশনায় এই ইতালিয়ান-কানাডিয়ান কোচকে উড়িয়ে এনেছে বাফুফে।

আরও পড়ুন:
যেভাবে ‘হোমওয়ার্ক’ করছেন হামজাদের নতুন কোচ থমাস ডুলি

স্কোয়াড নিয়ে লুকোচুরির অবসান, ৩০ জনের দল

ক্যাবরেরার মেয়াদের শেষ দিকে জাতীয় ফুটবল দলের স্কোয়াড বা দল ঘোষণা নিয়ে অনেক লুকোচুরি ও গোপনীয়তা দেখা গেছে।

মাঠের অনুশীলন শুরু হওয়ার পরও সংবাদমাধ্যম বা ফুটবলপ্রেমীরা আনুষ্ঠানিকভাবে জানতে পারতেন না স্কোয়াডে আসলে কারা আছেন। তবে ডুলি অধ্যায়ের শুরুতেই সেই খামখেয়ালিপনা বাদ দিয়ে আজ সকালেই আনুষ্ঠানিকভাবে ৩০ জনের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেছে বাফুফে।

স্প্যানিশ কোচের বিদায়ের পর এই স্কোয়াডে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর জন্য জাতীয় দলের দরজা আবার নতুন করে খুলেছে।

সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ৩০ জনের স্কোয়াড

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মো. তাজ উদ্দিন, মো. রহমত মিয়া, মো. আব্দুল্লাহ ওমর, মো. শাকিল হোসেন, মো. ইশা ফয়সাল ও এস এম মঞ্জুরুল রহমান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন ও সৈয়দ কাজেম কিরমানী শাহ।

ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মো. মিনহাজুল করিম স্বাধীন এবং মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন:
বাংলাদেশের নতুন কোচ কে এই থমাস ডুলি?