অ্যানফিল্ডের আকাশে কাল যেমন সূর্য উজ্জ্বল ছিল, তেমনি গ্যালারিতে ঝরেছে আবেগের অশ্রু। এক আবেগঘন আবহে দুই কিংবদন্তি মোহাম্মদ সালাহ এবং অ্যান্ডি রবার্টসনকে বিদায় জানাল লিভারপুল। ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিগের শেষ ম্যাচটি ড্র হলেও পুরো অ্যানফিল্ডের ফোকাস ছিল এই দুই মহাতারকার ওপর। ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন তাঁরা মাঠ ছাড়ছিলেন, তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় তাঁদের। দীর্ঘ ৯ বছরের গৌরবময় অধ্যায় শেষে অলরেডদের ডেরা ছাড়লেন এই দুই স্তম্ভ। তবে সালাহ-রবার্টসনের বিদায়ের এই বিষাদের মাঝেই এখন বড় প্রশ্ন—কী হতে যাচ্ছে লিভারপুল ও তাদের কোচ আর্নে স্লটের ভবিষ্যৎ?
২০২৪ সালের জুনে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর প্রথম মরশুমেই বাজিমাত করেছিলেন ওলন্দাজ কোচ আর্নে স্লট।
তাঁর অধীনে ২০২৫ সালের এপ্রিলেই দাপটের সঙ্গে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল অলরেডরা। প্রথম ৩৪ লিগ ম্যাচে প্রতি গেমে গড়ে ২.৪ পয়েন্ট তুলেছিল তারা। কিন্তু এক বছরের মাথায় সেই রাজকীয় ডিফেন্স ভেঙে চুরমার।
চলতি ২০২৫-২৬ মরশুমে লিগেই ১২টি ম্যাচ হেরেছে লিভারপুল, সব প্রতিযোগিতা মিলিয়ে হারের সংখ্যা ১৯!
লিগ টেবিলের শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলেও, স্লটের ‘ঝুঁকিহীন ও ম্যাড়মেড়ে’ ফুটবল দর্শনে অ্যানফিল্ডের সমর্থকেরা ক্ষুব্ধ। গোটা মৌসুমে মাত্র ৬০ পয়েন্ট (ম্যাচ প্রতি ১.৬ পয়েন্ট) নিয়ে লিগ শেষ করেছে তারা, যা লিগের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা কোনো ইংলিশ ক্লাবের যৌথভাবে সর্বনিম্ন পয়েন্ট।
আরও পড়ুন:
‘স্বার্থপর’ সালাহকে শেষ ম্যাচে লিভারপুল স্কোয়াডেই রাখতেন না রুনি!
সমর্থকদের ক্ষোভ ও সালাহর সেই বিস্ফোরক মন্তব্য
দলটির এমন পারফরম্যান্সে ঘরের মাঠেও সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে স্লটকে। চেলসির বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই গ্যালারি খালি করে হেঁটে চলে যান হাজারো ভক্ত। এর ওপর আগুনে ঘি ঢেলেছে বিদায় নেওয়ার আগে মোহাম্মদ সালাহর বিস্ফোরক বিবৃতি। সালাহ সরাসরি ক্লাবের খেলার ধরন পরিবর্তনের দাবি তুলেছিলেন।
বিদায়বেলায় স্কাই স্পোর্টসকে সালাহ বলেন, ‘আমরা এই ক্লাবকে যেখানে থাকা উচিত সেখানে ফিরিয়ে এনেছি। ড্রেসিংরুমে নতুনদের জন্য আমার বার্তা একটাই—ভক্তরা এখানে কম ড্রপ বা হারের রেজাল্ট মেনে নেবে না। তুমি মাঠে কতটা রক্ত-ঘাম ঝরাচ্ছো, সেটাই আসল। যদি তুমি নিজের সবটুকু দাও, অ্যানফিল্ড তোমাকে চিরকাল ভালোবাসবে।’
ইনজুরি জর্জরিত মৌসুম ও রক্ষণভাগের কঙ্কাল রূপ
চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং বছর হিসেবে আখ্যা দিয়েছেন কোচ আর্নে স্লট। এর পেছনে ফুটবলারদের একের পর এক চোট এবং তারকা ফরোয়ার্ড দিয়েগো জটার আকস্মিক প্রয়াণের মানসিক ধাক্কাকে বড় কারণ মনে করেন তিনি।
স্লটের ভাষায়, ‘আমাকে যদি এই মৌসুমকে এক শব্দে ব্যাখ্যা করতে বলেন, তবে আমি বলব ইনজুরি।’
বিশেষ করে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের অনুপস্থিতিতে লিভারপুলের রক্ষণভাগ খড়কুটোর মতো উড়ে গেছে। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি গোল হজম করেছে অলরেডরা। রাইট-ব্যাক পজিশনেই স্লটকে খেলাতে হয়েছে ৬ জন ভিন্ন ফুটবলারকে! অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক প্রতিটি মিনিট খেললেও তাঁর সেই সোনালী ফর্ম আর নেই।
অন্যদিকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রায়ান গ্রাভেনবারখ গত মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ার ফর্ম ধারেকাছেও দেখাতে পারেননি।
সামনেই ‘মিনি ট্রানজিশন’: নজর যেখানে
আগামী আগস্টে নতুন মৌসুম শুরুর আগে দলে একটি ‘ছোটখাটো পরিবর্তন’ বা ট্রানজিশন আসবে বলে নিশ্চিত করেছেন স্লট।
সালাহ চলে যাওয়ায় রাইট-উইংয়ে আরবি লাইপজিগের ইয়ান দিওমান্দে বা পিএসজির ব্র্যাডলি বারকোলার দিকে নজর লিভারপুলের।
পাশাপাশি প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি দুই সাইনিং—আলেকজান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভির্টজের কাছ থেকে সেরাটা বের করে আনা এখন স্লটের প্রধান অ্যাসাইনমেন্ট, যারা চোটের কারণে চলতি মৌসুমে একসঙ্গে মাত্র ৬১৮ মিনিট মাঠে ছিলেন।
সালাহ ও রবার্টসনের বিদায়ের পর এবং গোলরক্ষক অ্যালিসন বেকারের জুভেন্টাসে যাওয়ার গুঞ্জনের মাঝে দলে নতুন লিডার দরকার।
ডমিনিক সোবোসলাই সেই দায়িত্ব নিলেও বাকিদের এগিয়ে আসতে হবে। আগামী জুলাইয়ে বিশ্বকাপের ফাইনালের ঠিক পরদিনই প্রাক-মৌসুম ট্যুরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেবে লিভারপুল। মালিকপক্ষ এফএসজি (FSG) স্লটের ওপর আস্থা রাখলেও, আগামী মৌসুমের শুরুটা খারাপ হলে অ্যানফিল্ডের পরিস্থিতি কোচের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে।
আরও পড়ুন:
লিভারপুলের ‘আইডেন্টিটি’ নিয়ে বড় প্রশ্ন: অ্যানফিল্ডে আর্নে স্লটকে দুয়ো

