Bournemouth manager Andoni Iraola looks on during Premier League match.বোর্নমাউথের বিদায়ী কোচ আন্দোনি ইরাওলাকে আনতে চায় লিভারপুল। ছবি: গিভমিস্পোর্ট

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খাওয়া লিভারপুল এবার তাদের ডাগআউটে পরিবর্তনের কথা ভাবছে। বর্তমান কোচ আর্নে স্লটের বিকল্প হিসেবে বোর্নমাউথের বিদায়ী স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলাকে দলে ভেড়াতে অলরেডরা আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন স্কাই স্পোর্টসের ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিও।

সদ্য সমাপ্ত ঘরোয়া ফুটবল লিগে চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছে লিভারপুল।

মাঠ ও মাঠের বাইরের নানা প্রতিকূল পরিস্থিতি গত ১০ মাস জুড়েই অ্যানফিল্ডের ক্লাবটিকে বিপর্যস্ত করে রেখেছিল।

বিশেষ করে মৌসুম শুরুর ঠিক আগে পর্তুগিজ ফরোয়ার্ড ডিওগো জোটার আকস্মিক মৃত্যু পুরো ক্লাবের ওপর গভীর মানসিক ক্ষত তৈরি করে।

মাঠের লড়াইয়েও রেকর্ড মূল্যে আসা আলেকজান্ডার ইসাককে চোটের কারণে দীর্ঘ সময় পাননি স্লট। পাশাপাশি বড় অঙ্কের চুক্তিতে আসা ফ্লোরিয়ান উইর্টজও মানিয়ে নিতে বেশ সময় নেন।

প্রথম মৌসুমে প্রিমিয়ার লিগ জেতানোর কৃতিত্ব থাকায় লিভারপুল কর্তারা স্লটকে আরও একটি মৌসুম সময় দিতে রাজি আছেন। তবে মার্সিসাইডের এই ক্লাবে চলতি গ্রীষ্মেই বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে।

দলের দুই তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ও অ্যান্ডি রবার্টসনের বিদায় ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।

এর ওপর ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতের চুক্তি আগামী মাসে শেষ হতে চললেও নতুন কোনো সমঝোতা হয়নি।

আরও পড়ুন:
সালাহ-রবার্টসনের বিদায়ে লিভারপুলে আবেগের অশ্রু, চ্যালেঞ্জের মুখে স্লট

মিলানের রাডারে আন্দোনি ইরাওলা

বোর্নমাউথকে অসাধারণ কৌশলে ইউরোপা লিগে কোয়ালিফাই করিয়ে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ৪৩ বছর বয়সী স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা। চুক্তি শেষ হওয়ায় চলতি গ্রীষ্মেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন তিনি।

সিরি এ জায়ান্ট এসি মিলান তাদের কোচ ম্যাক্স অ্যালেগ্রির স্থলাভিষিক্ত করতে এই স্প্যানিশ ট্যাকটিশিয়ানের সঙ্গে জোরালো আলোচনা চালাচ্ছে।

মিলান ছাড়াও বায়ার লেভারকুসেন এবং প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেসও তাঁকে পেতে আগ্রহী।

অ্যানফিল্ডের ভবিষ্যতের নতুন সমীকরণ

সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিও জানিয়েছেন, লিভারপুলের এই পদক্ষেপ মূলত ভবিষ্যতের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

আর্নে স্লটকে বরখাস্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হলেই কেবল ইরাওলাকে ডাগআউটে দেখা যেতে পারে। তবে এসি মিলানের সঙ্গে আলোচনা চললেও ইরাওলা তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নিচ্ছেন। আর কোচের এই অপেক্ষাই লিভারপুলকে নতুন করে আশা দেখাচ্ছে।

ফুটবল বিশ্লেষক জেমি রেডন্যাপ ইতিমধ্যেই ইরাওলাকে একজন ‘এলিট’ বা অনন্য ঘরানার কোচ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

এখন অন্য ক্লাবগুলো চুক্তির কাজ শেষ করার আগেই অলরেডরা তাঁকে নিজেদের ডেরায় টানতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন:
বিধ্বস্ত লিভারপুলে কাঠগড়ায় স্লট: আরেক ব্যালন ডি’অরের কাছে দেম্বেলে