সিরিজে হার এড়াতে হলে জিততেই হবে। এই কঠিন সমীকরণে জ্বলে ওঠলো আজিজুল হাকিম তামিমের ব্যাট। খেললেন অধিনায়কোচিত দারুণ এক ইনিংস। করলেন সেঞ্চুরি। এতে ভর করে সফকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
ফলে সিরিজটি শেষ হয়েছে ২-২ সমতায়। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল।
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এদিন বোলাররাই বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন। সাদ ইসলাম, শাহরিয়া আল আমিন, সামিউন বাশির রাতুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলার সুযোগ ছিল না আফগানদের। ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রানে থামে সফরকারীরা।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান আসে উসমান সাদাতের ব্যাট থেকে। মাহবুব খান করেন ৪০ রান। এছাড়া নিয়াজাই ৩২ ও আজিজুল্লাহ মিয়াখিল ১৯ রান করেন। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন সামিউন।
জবাবে বাংলাদেশও অস্বস্তিকর ব্যাটিং করতে থাকে। উইকেট হারায় নিয়মিত বিরতিতে। একপর্যায়ে হারের শঙ্কা ছেপে ধরেছিল। কিন্তু লড়ে যান অধিনায়ক তামিম। বাংলাদেশ যখন জয় থেকে ২ রান দূরে, তখন প্যাভিলিয়নে ফিরেন এই ওপেনার। ফেরার আগে ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ১০০ রান।
রিজান ২৭ ও ফরিদ ২৩ রানের ছোট ইনিংসে সঙ্গ দেন তামিমকে। ২৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
২৫ রানে ৪ উইকেট নেন আফগান বোলার ওয়াহিদুল্লাহ জাদরান। সালাম খান ও ওজাইরউল্লাহ নিয়াজাইয়ের শিকার দুটি করে উইকেট।

