বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট সিরিজই এখন অবধি শুরু হয়নি। টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা। কিন্তু এর আগেই ধাক্কা খেয়েছে আইরিশরা।
হাঁটুর চোটে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন রস অ্যাডায়ার। এই ওপেনারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন জর্ডান নিল।
আজ সোমবার ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে পরিবর্তনের বিষয়টি জানিয়েছে।
৩১ বছর বয়সী রস অ্যাডায়ার বিধ্বংসী ওপেনার। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর চোট সমস্যায় খানিকটা ধীর ছিল তার ব্যাটিং। সেই সমস্যা কাটিয়ে ছন্দে ফিরছিলেন তিনি। এ বছর তিনটি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ এবং ইংল্যান্ডের বিপক্ষে ২৬ ও ৩৩ রানের ইনিংস খেলেন অ্যাডায়ার।
এখন ফের চোটের হানায় দলের বাইরে অ্যাডায়ার। আরেক আইরিশ ক্রিকেটার মার্ড অ্যাডায়ারের বড় ভাই রস অ্যাডায়ারকে হয়তো আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর দলে দেখা যাবে।
রস অ্যাডায়ার ১৩টি টি-টোয়েন্টি খেলে ১৪২.০৪ স্ট্রাইক রেটে ৩৭৫ রান করেছেন।
তাকে দলে না পেয়ে হতাশ আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘বাংলাদেশ সফর শুরুর আগ মুহূর্তে রসকে হারানো খুবই দুর্ভাগ্যজনক। ২০২৫ সালে অল্প কিছু সুযোগ পেয়ে নিজের সেরাটা মেলে ধরেছিল সে, বাংলাদেশের বিপক্ষে তাকে পারফর্ম করতে দেখার জন্য উন্মুখ হয়ে ছিলাম আমরা।’
টি-টোয়েন্টি দলে যুক্ত হওয়া নিল জর্ডান টেস্ট দলের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশেই আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে গেল মে মাসে ওয়ানডে দিয়ে অভিষেক হয় ১৯ বছর বয়সী এই ব্যাটারের। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে এখনও জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার।
বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ সিলেটে শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর, চট্টগ্রামে।

