বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পিসিবি ও আইসিসির সঙ্গে বৈঠক করবেনবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অবশেষে ভুল স্বীকার করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একইসঙ্গে তিনি ক্ষমাও চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী আয়োজনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনের কারণ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না বলেও আশ্বাস দিয়েছেন বুলবুল।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পদার্পণ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের আয়োজন করে বিসিবি। এর শেষ দিন ছিল গত সোমবার। সেদিনকার অনুষ্ঠানে সংবাদকর্মীদের আমন্ত্রণ জানায় বিসিবি। সময় বেঁধে দেওয়া হয় বিকাল চারটা।

কিন্তু চারটা পেরিয়ে গেলেও সংবাদকর্মীদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বিসিবির পক্ষ থেকেও কোনো বার্তা দেওয়া হয়নি। এমনকি নিরাপত্তাকর্মীদের দুর্ব্যবহারের শিকারও হতে হয় সংবাদকর্মীদের।

পরিস্থিতি রূপ নেয় ক্ষোভে। প্রতিবাদ শুরু করেন সংবাদকর্মীরা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি বুলবুলের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা।

এর দু’দিন পর, আজ বুধবার ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন বিসিবি সভাপতি।

বুলবুল বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদেরকে সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানটির প্রস্তুতি ও শেষ হতে হতে একটু সময় লেগে গিয়েছিল। কিন্তু যখন বাইরে এসে দেখলাম যে, আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষা করার যে কাজ ছিল, ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

বিসিবি সভাপতি বলেন, ‘আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের কোন বিভাগের কারণে, কেন এই ব্যর্থতাটা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি স্টেকহোল্ডার হচ্ছেন আপনারা। ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে।’

তিনি আরও যোগ করেন, ‘আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন এবং আমাদেরকে সব সময় যেভাবে সহযোগিতা করেছেন আশা করি সেভাবে শুধু সহযোগিতাই করবেন না, আমাদের এই পথচলার একটি অংশ হয়ে থাকবেন। আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’