বাংলাদেশের পেস বোলার নাহিদ রানাকে শাস্তি দিয়েছে আইসিসি। অসদাচরণের অভিযোগে ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে তার। একইসঙ্গে পেয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট।

আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।

মূলত চলমান সিলেট টেস্টের প্রথম দিনে কাল মঙ্গলবার বল ধরার পর ফলো থ্রুর সময় আয়ারল্যান্ড ব্যাটসম্যান কেড কারমাইকেলের দিকে সেটি ছুড়ে মারেন নাহিদ রানা। আয়ারল্যান্ড তখন ব্যাটিংয়ে। ইনিংসের ২৭তম ওভারে নাহিদ অযথাই বল ছুড়ে মারেন। এতে বল কারমাইকেলের প্যাডে লাগে। অভিষিক্ত এই ব্যাটসম্যান ওই সময়ে ক্রিজের ভেতরেই ছিলেন। এ ঘটনাতেই নাহিদকে শাস্তি দেওয়া হয়েছে।

এ ঘটনায় মাঠের দুই আম্পায়ার স্যাম নোগাইস্কি ও এহসান রাজা, টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নাহিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। তিনি অভিযোগ আমলে নিয়ে শাস্তি দেন।

নাহিদ রানা নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়েছে আজ বুধবার। বাংলাদেশ দিন শেষ করেছে ১ উইকেটে ৩৩৮ রান তুলে, প্রথম ইনিংসে এগিয়ে আছে ৫২ রানে।