টেস্ট ক্রিকেটের অভিজাত আঙিনায় বাংলাদেশের ২৫ বছর পূর্তি হয়েছে সদ্যই। ক্রিকেটের সবচেয়ে কঠিন সংস্করণে পথচলার দীর্ঘ সময় হয়ে গেলেও পায়ের নিচে শক্ত মাটির খোঁজ এখনও চলছে টাইগারদের।

তবে ২৫ বছর পূর্তির সন্ধিক্ষণে দারুণ খেলছে বাংলাদেশ দল। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে চালকের আসনেই আছে নাজমুল হোসেন শান্তর দল। বড় লিডের পথেই এগোচ্ছেন জয়রা।

এই লিডের পথে দল গড়েছে এমন এক রেকর্ড, যা নিজেদের টেস্ট ইতিহাসে আগে কখনোই গড়তে পারেনি।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আইরিশদের অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে দৃঢ়তা দেখাতে থাকেন সাদমানরা।

ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ৮০ রান (১০৪ বল)। তার ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান জয় ২৮৬ বলে ১৭১ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন।

তিনে নামা মুমিনুল হক করেছেন ১৩২ বলে ৮২ রান। চারে নামা নাজমুল হোসেন শান্তও ফিফটি তুলে নিয়েছেন। মধ্যখানে পাঁচে নামা মুশফিকুর রহিম ২৩ রানে আউট হয়ে যান। ছয়ে নেমে ফিফটি করেছেন লিটন দাস।

কোনো টেস্ট ম্যাচে এক ইনিংসে বাংলাদেশের শীর্ষ ৪ ব্যাটারই (১ থেকে ৪) ফিফটির দেখা পেয়ে গেছেন, এমন দৃশ্য এই প্রথমবার দেখা গেল।

এমনকি শীর্ষ ৬ ব্যাটারের পাঁচজনই ফিফটি বা এর বেশি রান করেছেন, এমন রেকর্ডও বাংলাদেশের জন্য এই প্রথম।