আইপিএলে নতুন ভূমিকায় ফিরছেন নিউজিল্যান্ডের পেস বোলিং গ্রেট টিম সাউদি। আগামী আসরের জন্য তাকে বোলিং কোচ করেছে কলকাতা নাইট রাইডার্স।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর।
আইপিএলে তিনবারের চ্যাম্পিয়নদের কোচিং লাইন এখন এরকম- প্রধান কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ শেন ওয়াটসন, বোলিং কোচ টিম সাউদি এবং মেন্টর ডোয়াইন ব্রাভো।
কেকেআরের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ভারত অরুণ। তিনি আগামী মৌসুমের জন্য লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। ফলে নতুন কাউকে বেছে নিতে হয়েছে কেকেআরকে।
টিম সাউদি ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপর কোচিংকে পেশা হিসেবে বেছে নেন তিনি, ছিলেন ইংল্যান্ড দলের কোচিং স্টাফে। এবার কাজ করবেন আইপিএলে।
সাউদির আইপিএল ক্যারিয়ার ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত। এ সময়ে তিনি ৫৪ ম্যাচ খেলে ৪৭ উইকেট নেন। আইপিএল ক্যারিয়ারের সবশেষ তিন মৌসুমে তিনি খেলেন কলকাতার হয়ে। ২০২২ সালে কলকাতার জার্সিতে ৯ ম্যাচে ১৪ উইকেট নেন ডানহাতি পেসার।
চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন সাউদি।
সাউদির আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৭ বছরের ক্যারিয়ারে ৭৭৬টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন এই পেসার, যা নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ। টেস্টে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৫ উইকেট তার, ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ২২১ উইকেট। টি-টোয়েন্টিতে ১৬৪ উইকেট নিয়ে তিনিই সবার ওপরে।

