আরেকটি বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অ্যাশেজ শুরুর আগে আগে চোটের কারণে ছিটকে গেলেন পেসার জশ হেইজেলউড। ফলে পেস আক্রমণের শক্তি আরও কমলো তাদের।
এর আগে চোটের কারণে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স, যিনি সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না। ক’দিন আগে শন অ্যাবটও ছিটকে যান।
গত বুধবার শেফিল্ড শিল্ডের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে হেইজেলউড ও অ্যাবটের। দুজনই মাঠ ছাড়েন। স্ক্যান করানোর পর অ্যাবটের চোট ধরা পড়ে। প্রথম টেস্টের স্কোয়াডে তার না থাকা নিশ্চিত হয়ে যায়। কিন্তু সেই স্ক্যানে তখন কোনো সমস্যা ধরা পড়েনি হেইজেলউডের। যা অস্ট্রেলিয়াকে স্বস্তি দেয়।
কিন্তু অস্বস্তি অনুভব করছিলেন হেইজেলউড। ফলো-আপ স্ক্যান করানোর পর শনিবার লো-গ্রেড পেশির চোট ধরা পড়েছে। ফলে ছিটকে গেছেন তিনিও।
হেইজেলউডের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মাইকেল নিসার। ২০২১ ও ২০২২ সালে দুটি টেস্ট খেলে সাত উইকেট নিয়েছিলেন এই পেসার। এবারের শেফিল্ড শিল্ডের শুরুটা দারুণ করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে চারশর বেশি উইকেটশিকারি নিসার। তবে একাদশে তার জায়গা হবে কিনা তা নিশ্চিত নয়।
অ্যাশেজের প্রথম টেস্ট শুরু আগামী শুক্রবার। মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে একাদশে থাকতে পারেন ব্রেন্ডান ডগেট। ৩১ বছর বয়সী এই পেসার শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে আছেন। দুই ম্যাচে উইকেট নিয়েছেন ১৩টি।

