ম্যাচ তাহলে কোনোরকমে তৃতীয় দিনে যাচ্ছে!
ইডেন গার্ডেনসে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্টে বোলাররা এতোটাই ছড়ি ঘুরাচ্ছেন!

ম্যাচের দ্বিতীয় দিন শেষ হয়েছে আজ। এরমধ্যেই সফরকারীদের দ্বিতীয় ইনিংসও প্রায় শেষ। ৭ উইকেটে ৯৩ রান তুলে দিন শেষ করেছে টেম্বা বাভুমার দল।

২৯ রানে বাভুমা আর ১ রান নিয়ে অলরাউন্ডার বস আছেন অপরাজিত। কিন্তু স্পিনের বিষে আজ যেভাবে নীল হয়েছে দক্ষিণ আফ্রিকা, তাতে তৃতীয় দিন সকালে কতোটা জলদি তাদের ইনিংস শেষ হয়, এটাই কেবল দেখার!

ভারতের সামনে এখন অবধি ৬৩ রানের লিড। কাল সকালে তারা দ্রুতই সফরকারীদের অলআউট করে লিড একেবারে নাগালে রাখতে চাইবে নিশ্চয়ই।

কাল ১৫৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। আজ ১ উইকেটে ৩৭ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। কিন্তু তাদের ইনিংসও বেশিদূর আগাতে দেননি সফরকারী বোলাররা। ১৮৯ রানে আটকে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৩৯ রান করেন লোকেশ রাহুল। সিমন হারমার ৪টি ও মার্কো জানসেন ৩টি উইকেট নেন।

ব্যাটারদের জন্য হাঁসফাঁস ওঠা উইকেটে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দেন রবীন্দ্র জাদেজা। তার বাঁহাতি স্পিনবিষে ‘জীবন’ দিয়ে গেছেন প্রতিপক্ষের ব্যাটাররা। ৪ উইকেট নিয়েছেন জাদেজা। কুলদীপ যাদব ২টি, অক্ষর প্যাটেল ১টি উইকেট শিকার করেন।