ব্যাটিং করছিলেন স্বাচ্ছন্দেই। সাইমন হারমারকে সুইপ করে মারলেন সুন্দর এক বাউন্ডারি। কিন্তু এরপরই অস্বস্তি! ঘাড়ের পেছনে হাত দিয়ে যেন কাতরালেন শুবমান গিল। ডাকলেন ফিজিওকে। বেরিয়ে গেলেন মাঠ ছেড়ে।
গিলকে এমন দৃশ্যে দেখা গেছে কাল শনিবার, ইডেন গার্ডেনসে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের ময়দানে।
গিলের তাহলে কি হয়েছে?
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে বলছে, ‘(গতকাল) দিনের খেলা শেষে গিলকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন সেখানে পর্যবেক্ষণে আছেন। এই টেস্টে তিনি আর খেলতে পারবেন না। বিসিসিআইয়ের মেডিকেল দল তাঁকে পর্যবেক্ষণে রাখবে।’
মূলত ভারত অধিনায়কের ঘাড়ে টান লাগে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে পাঠানো হয়। ঘুমের সমস্যা থেকে ঘাড়ে টান লাগতে পারে বলে মনে করছেন বোলিং কোচ।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে শুবমান গিলকে ঘাড়ের ব্যায়াম করতে দেখা গেছে। তার সঙ্গে কোচিং স্টাফ ও মেডিকেল টিমের একজন সদস্য ছিলেন।
তার ঘাড়ের সমস্যা নতুন কিছু নয়। এর আগে ২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘাড়ে ব্যথার কারণে একটি টেস্ট খেলতে পারেননি তিনি।
তবে এই সমস্যাকে খুব বেশি গুরুতর মনে করছেন না ভারতের বোলিং কোচ মরনে মরকেল, ‘গিল খুব ফিট খেলোয়াড়। নিজেকে খুব ভালোভাবে দেখাশোনা করে। শনিবার সকালে ঘুম থেকে উঠে তাঁর ঘাড় শক্ত হয়ে যায়, এটা দুঃখজনক। আমার মনে হয়, আগে আমাদের বুঝতে হবে ঘাড়ের জড়তা কীভাবে হয়েছে। হয়তো আগের রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমি মনে করি না এটা ওর ওপর খেলাজনিত চাপের কারণে হয়েছে।’

