বাবর আজমকে ঘিরে সাম্প্রতিক সময়ে জল অনেক ঘোলা হয়েছে। পারফরম্যান্স নিম্নগামী হওয়ায় সমালোচনায় পুড়তে হয়েছে তাকে। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন, পরে আবারও ফিরেছেন।
সব পেরিয়ে ৮৩ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে স্বরূপে দেখা দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
একইরকম সমালোচনার মুখে পড়তে হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকেও। তবে তিনিও দারুণ খেলেছেন লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
এরপর তাদেরকে ঘিরে আবারও প্রশংসার ঝড় বইছে। পাকিস্তানের বর্তমান ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি সরাসরি বলেছেন, বাবর-রিজওয়ানরা দলের ‘মেরুদণ্ড’।
শাহীন বলেন, ‘বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় পাকিস্তান দলের মেরুদণ্ড। আমরা বাবর আজমের সেঞ্চুরির জন্য কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম। বাবর ফিরে এসে নিজের মূল্য প্রমাণ করেছে। মোহাম্মদ রিজওয়ানকে সিনিয়র হিসেবে খুব ভালো খেলেছেন।’
ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। আজ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। লঙ্কানদের সঙ্গে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ সময় রাত ৮টায় পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।

